কুয়ালালামপুরে বাংলাদেশী শ্রমিকদের কান্না
বুধবার ভোরের আলো ফুটতে তখনো কিছুটা সময় বাকি। কুয়ালালামপুর বিমান বন্দরের বাইরে দুই বাংলাদেশী শ্রমিক ওয়াজুদ্দিন ও রুস্তম আলী অসহায়ভাবে বসে আছেন। চেহারায় ভীষণ বিষন্নতা।
দুজনের একই চিন্তা, তাদের ভবিষ্যত কোনদিকে যাচ্ছে। বিডিনিউজ প্রতিনিধি তাদের সামনে গিয়ে বাংলায় কথা বলতেই তাদের চোখের আলো কিছুটা ফিরে এলো। কিন্তু সে আলোর স্থায়িত্ব ছিলো কয়েক সেকেণ্ড মাত্র।
প্রশ্ন ছিলো, আপনারা কি বাংলাদেশী? উত্তর ছিলো চোখের পানিতে। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে এই দুই বাংলাদেশীর ভাগ্যে যা ঘটেছে বা ঘটতে যাচ্ছে, তা অসহনীয়।
ওয়াজুদ্দিন ও রুস্তম দুজনই মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করছিলো। তাদের কাছে প্রয়োজনীয় কোনও কাগজপত্র নেই। বিমান বন্দরে তাদের প্রতীক্ষা, কখন রাত শেষ হবে! ভোরে তারা যাবে বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল পাসের কাগজপত্র সংগ্রহের জন্যে। এসব কাগজপত্র না থাকায় মালয়েশীয় পুলিশের কাছে যথেষ্ট হেনস্তা হয়েছে তাদের। তবে ওগুলো পেলেই দেশের উদ্দেশে বিমানে চাপার ছাড়পত্র মিলবে। এর আগে তাদের দালালরা এ ধরণের কিছু কাগজপত্র যোগাড় করে দিয়েছিলো বটে, তবে সেসব ছিলো ভূয়া এবং পুলিশ সেগুলো গ্রহণ করেনি।
আগেরদিন মঙ্গলবার সকাল থেকে টানা বিমান বন্দরে কাটাচ্ছিলো ওয়াজুদ্দিন ও রুস্তম। খাবার জোটেনি, জোটেনি সামান্য খাবার পানি। পরে বিমানবন্দরের টয়লেট থেকে পানি খেয়ে তৃষ্ণা মেটাতে হয়েছে তাদের।
ওয়াজুদ্দিন ও রুস্তমের মতো আরো শত শত বাংলাদেশী অবৈধ শ্রমিক রয়েছে সেদেশে। একটু স্বচ্ছল জীবনের খোঁজে এই দ্বীপ দেশে যেতে হাজার হাজার মাইল পাড়ি দেয় তারা। কিন্তু সুখের আশায় দেশ ছাড়া এই মানুষগুলোর জীবনের গল্প পুরোটাই প্রত্যাশার উল্টো। মালয়েশিয়ার মাটিতে পা দিয়েই তারা জীবনের ট্রাজিক অংশে পতিত হয়।
দোহারের নওয়াবগঞ্জের গালেমপুর গ্রামের ওয়াজুদ্দিন আদমব্যাবসায়ীকে সোয়া লাখ টাকা দিয়ে ১৯ মাস আগে মালয়েশিয়া আসে। প্রতিশ্র“তি ছিলো সেখানে পৌঁছুলেই নিশ্চিত চাকরি।
কিন্তু করুণ কণ্ঠে ওয়াজুদ্দিন বলেন, “দালালের সাথে আমি প্রথম যাই থাইল্যাণ্ডে, একটি ভূয়া পাসপোর্ট নিয়ে। সাথে আরো আট জন। সেখান থেকে আমরা জঙ্গলের মধ্যে ঢুৃকে পড়ি, কখনো রাস্তা, কখনো পাহাড় কখনো জঙ্গল ঢাকা পথ ধরে মাইলের পর মাইল পায়ে হেঁটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ি কুয়ালালামপুরে। সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয় দক্ষিণ মালয়েশিয়ার জোহর বারু এলাকায়। এটি সিঙ্গাপুরের কাছাকাছি একটা জায়গা। সেখানেই একটি বন্দরে কাজ পাই।
তিনি বলেন, সবকিছুই স্বাভাবিকভাবে চলছিলো। কিন্তু গত ২৮ ফেব্র“য়ারি সাধারণ ক্ষমার সময়সীমা শেষ হবার পর অবৈধদের ধরতে উঠে পড়ে লাগলো মালয়েশিয়ার পুলিশ। তখন থেকেই বিপদ শুরু।
রুস্তম আলী বলেন, ‘সরকারি এ্যাকশানের ভয়ে নিয়োগকর্তারা আমাদের মতো শত শত শ্রমিককে ছাটাই করে দিলো। এ অবস্থায় আমাদের দেশে ফিরে যাওয়া ছাড়া আর কোন উপায়ই নেই।’
ঝিনাইদহ জেলার শৈলকুপার রঘুনাথপুর গ্রামের রুস্তম আলী ১৯৯৪ সালে মালয়েশিয়ায় গিয়ে বৈধভাবেই পাঁচ বছর কাজ করেন। কিন্তু ভিসার মেয়াদ শেষ হলে অবৈধ অবস্থান শুরু করেন। সবশেষে পেনাংএ একটি গার্মেন্টস কারখানায় কাজ করছিলেন তিনি।
রুস্তম জানান, ‘ক্র্যাকডাউন শুরু হবার পর অসংখ্য শ্রমিক গ্রামের দিকে পালাতে শুরু করে। কেউ কেউ বহি®কৃত হয়, কেউ গ্রেফতার হয় এবং অন্য কোনও সাজা ভোগ করে।’
মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে মোট ১ লাখ ১৩ হাজার বাংলাদেশী শ্রমিক নির্মাণ, প্ল্যান্টেশন এবং সেবাধর্মি শিল্পখাতগুলোতে কাজ করছে। দেশটির সর্বাধিক অবৈধ অভিবাসী এসেছে প্রতিবেশী ইন্দোনেশিয়া থেকে। এছাড়াও ফিলিপাইন, মায়ানমার, ভারত ও শ্রিলংকা থেকে আসা অবৈধ শ্রমিকও রয়েছে।
ধরা পড়লে যে কোনও অবৈধ অভিবাসীর দু বছর কারাদণ্ড ও ১০,০০০ রিঙ্গিত (২৬০০ ডলার) জরিমানা ও ৬টি বেত্রাঘাত দেয়া হয়।
অবৈধ শ্রমিক নিয়োগকর্তাদেরও ৫০ হাজার রিঙ্গিত জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দেয়ার বিধান রযেছে।
দীর্ঘদিন ধরেই মালয়েশিয়া এইসব স্বল্প মজুরীর অদক্ষ বা আধাদক্ষ শ্রমিকের ওপর নির্ভর করে আসছিলো। এর আগে ২০০২ সালে আরেকটি ক্র্যাকডাউনে প্রায় পাঁচ লাখ শ্রমিক সেদেশ ত্যাগ করে।
তবে এর ফলে সেদেশের নির্মাণ ও প্লান্টেশন খাতে শ্রমিক সংকট দেখা দেয় এবং সরকার কিছু কিছু খাতে বিদেশী শ্রমিক নিয়োগ অনুমোদন করে। এ সময়ে হাজার হাজার শ্রমিক আবার অবৈধ পথে সেদেশে ঢুকে পড়ে।
সাম্প্রতিক এ ঝড়টি আসে সরকার যখন দেশকে শ্রম-ঘন অর্থনীতি থেকে পূজি-ঘন অর্থনীতিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে দেশের বিদেশি শ্রমিক নিয়োগ আইন কঠোর করে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ড. ফং চ্যান ওন এর আগে বলেছিলেন, মালয়েশিয়ার দশ লাখ বিদেশী শ্রমিক প্রয়োজন কিন্তু অবৈধদের বাদ দিয়ে মন্ত্রণালয়ের সাথে নিবন্ধিকৃত বিদেশী শ্রমিকই রয়েছে ১২ লাখ।
এসব অবৈধ অভিবাসীদের মালয়েশীয় কর্তৃপক্ষ হয় দেশে ফেরত পাঠাচ্ছে অথবা কারাবন্দি করছে। ২০০১ সালের মে মাসে ৬০০০ ইন্দোনেশীয় অভিবাসিকে পেনাং, পেরাক, সেলেঙ্গর, নেগেরি সেমবিলান, মালাকা, পাহাঙ্গ, কেলানটান ও জোহরের ডিটেনশন ক্যাম্পগুলোতে ঢোকানো হয়।
দালালদের সহযোগিতায় অবৈধ অভিবাসিদের অধিকাংশই রিয়াউ প্রদেশের বাতাম, তানজাং পনাং ও দুমাই এলাকা থেকে মালয়েশিয়ায় ঢোকে। এবং এদের অধিকাংশেরই লক্ষ্য থাকে মালয়েশিয়ার উপদ্বীপে প্লান্টেশনের কাজে যোগ দেয়া। সেখানে তারা মাসে ৮০০ রিঙ্গিত বা ২১৬ ডলার করে আয় করতে পারে।
