দু'দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে
মার্চের শুরুটা বিপুল বিদ্যুৎ ঘাটতি দিয়ে হলেও গত দু’দিনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) লোডশেডিং এর পরিমাণ কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
সরকারি হিসেবে ৭৭০ মেগাওয়াটে ওঠে যাওয়া লোডশেডিং এর পরিমাণ ৩৫০ মেগাওয়াটে নেমে এসেছে। দাবি করা হচ্ছে যে, গ্যাস সরবরাহ বেশি পাওয়ায় বাড়তি উৎপাদন সম্ভব হয়েছে।
এদিকে বিপিডিবি যখন ব্যাপক বিদ্যুৎ ঘাটতির মুখে তখন টঙ্গির ১০৫ মেগাওয়াট ক্ষমতার পিকিং প্লান্টের ফায়ারিং টেস্ট সফলভাবে শেষ হয়েছে। বুধবার থেকে এই কেন্দ্রটি ৭২ ঘন্টার জন্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে বলে জানা গেছে। এ সময় নানা কারিগরি সমন্বয় (সিক্রোনাইজেশন) শেষ করে ১০ মার্চ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
৩৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি গত বছরের অক্টোবর মাস থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা ছিল। কিন্তু বন্যা, সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যাকান্ডের পর সৃষ্ট পরিস্থিতি এবং সরু রাস্তার কারণে মালামাল পরিবহন সমস্যাকে ঘিরে এই নির্মাণ কাজ পাঁচ মাস পিছিয়ে যায় বলে জানা গেছে। পুরো সরকারি ব্যয়ে এই কেন্দ্রটির নির্মাণ কাজ করেছে চীনা কোম্পানি হারবিন পাওয়ার লিমিটেড।
পিডিবি’র একজন কর্মকর্তা দাবি করেন, এই কেন্দ্রটি চালু হলে এবং প্রয়োজনীয় গ্যাস সরবরাহ পাওয়া গেলে তাদের পক্ষে ৪,০৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তখন আর কোনো ঘাটতি থাকবে না।
পিডিবি বলছে তাদের মোট গ্যাস চাহিদা ৭০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। আর গ্যাস সরবরাহ আছে ৬১৯ এমএমসিএফডি।
