২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেশনজট নিরসনে ঢাবি কর্তৃপক্ষের উদ্যোগ নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষাবর্ষ ধরে বিদ্যমান সেশনজট নিরসনে কর্তৃপক্ষের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অসময়ে বন্ধ হয়ে যাওয়া, নির্দিষ্ট সময়ে কোর্স সমাপ্ত করতে কোনও কোনও  শিক্ষকের অনীহা, ছাত্রদের দাবীর কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়া, ফল প্রকাশে বিলম্ব এবং প্রশাসনিক জটিলতার কারণে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ে সেশনজট বিরাজ করছে।

এ ব্যাপারে ঢাবি উপাচার্য এসএমএ ফায়েজ বলেন, ‘দেশে এবং  বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিরর কারণে আমরা অসহায়।’

তিনি বলেন, ‘রাজনৈতিক হরতাল এবং ছাত্রদের ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজকর্ম স্থবির হয়ে যায় এবং শিক্ষাবর্ষ বিলম্বিত হয়।’

সেশনজট দূরীকরণে কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে তিনি বিডিনিউজকে জানান, শিক্ষাব্যবস্থাকে গতিশীল রাখতে তিনি ছাত্র সংগঠনগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট না করার আহ্বান জানিয়েছেন।

শিক্ষকদের অনুপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষকরা ক্লাস ঠিকমতো নিচ্ছেন কি না তা জানার জন্য আমি অনুষদের ডিনদের কাছে চিঠি পাঠিয়েছি। যারা ঠিক মতো ক্লাস নিচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাবির প্রায় সব অনুষদ ও ইন্সস্টিটিউটেই রয়েছে। আর এই সেশনজটের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী।

ঢাবির কলা ও বিজ্ঞান অনুষদে তিন শিক্ষাবর্ষ ধরে সেশনজট চলছে। এসবের মধ্যে চারুকলা ইন্সটিটিউটের অবস্থা অত্যন্ত খারাপ। ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ছয় বছর মেয়াদী কোর্সের ফাইনাল পরীক্ষা দিতে বসছে এ মাসে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘জানি না পরবর্তী পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়াটা এখন স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে।’

এছাড়া ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না। অধিকাংশ শিক্ষকই আজকাল বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক কিংবা কনসালট্যান্ট হিসেবে ব্যস্ত থাকেন। এ ব্যাপারে উপাচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়টি জানি না।’