২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবক খুন, হোটেল থেকে মহিলার লাশ উদ্ধার

রাজধানীর সিপাইবাগ এলাকায় সোমবার পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এক যুবককে এবং গুলশান পুলিশ মহাখালির একটি হোটেল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

নিহতরা হলো- রাশেদুল ইসলাম ওরফে রনি (২৫), রিকশাচালক এবং শাহিদা বেগম (৩০)।

পুলিশ জানায়, সিপাইবাগের নিজ ঘরের সামনে কেরামবোর্ড খেলার সময় দুপুর আড়াইটার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী কানা রাসেলের নেতৃত্বে একদল যুবক রনির ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা রনিকে উপর্যুপরি কোপায়। এ সময় তার চিৎকারে তার মা জহুরা বেগম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কোপায়।

গুরুতর আহত অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে চারটার দিকে সে মারা যায়।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

এদিকে মহাখালির হোটেল নাভানার রুম নম্বর ৩ থেকে শাহিদা নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে গুলশান পুলিশ।

পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রবিবার সন্ধ্যায় নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শাহিদা জনৈক মিজানুর রহমানের সাথে হোটেলের রুমটি ভাড়া নেয়। ঘটনার পর থেকে মিজান পলাতক রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।