বৈশ্বিক উষ্ণতার ফলে স্বল্পতম শীত ও বসন্তে তাপমাত্রা বৃদ্ধি
দশকের সবচেয়ে স্বল্পস্থায়ী শীতকাল ছিল এ বছর যা এ বসন্তে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধির কারন বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ঢাকায় আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সমরেন্দ্র কর্মকার বলেন এটা বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণে ঘটে থাকতে পারে। তিনি জানান, আন্তঃবার্ষিক পরিবর্তনের মধ্য দিয়ে জলবায়ুতে নির্দিষ্ট পরিবর্তন আসে। তাপমাত্রার ওঠানামা এবং বছর বছর তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে তিনি জানান।
আমাদের দেশে সাধারণত তিনমাস শীতকাল থাকে এবং এর মধ্যে আট থেকে নয়বার শৈত্য প্রবাহ হয়। এ শৈত্যপ্রবাহগুলো সাধারণত ডিসেম্বরের দিকে শুরু হয়। কিন্তু এ বছর মাত্র দুটি মাঝারি ধরণের শৈত্য প্রবাহ হয়েছে এবং ফেব্র“য়ারি প্রথম সপ্তাহের মধ্যেই শীত শেষ হয়ে গেছে।
এ বছর শীত শুরু হয়েছিল এক অস্বাভাবিক প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে দিয়ে যেই বৃষ্টিপাতের ফলে দেশের প্রায় ৩৮ শতাংশ প্লাবিত হয়ে গিয়েছিল। গত ৫০ বছরে এ রকম বৃষ্টিপাত আর হয়নি বলে জানিয়েছেন আবহাওয়া বিদগণ যাতে কমপক্ষে ৫০০ লোকের মৃত্যু হয়েছে।
একই কারণে দেশে এবার অতিরিক্ত গরম পড়তে পারে বলে সমরেন্দ্র কর্মকার জানান। তিনি আরও বলেন, কৃত্রিমভাবে সৃষ্ট বিশ্বের উষ্ণতা আমাদের দেশের জলবায়ুকে চরম পর্যায়ে নিয়ে যাবে।
অতিরিক্ত তাপমাত্রার ফলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্থ হতে পারে এবং ভূগর্ভস্থ পানির উচ্চতা কমে যেতে পারে, যার ফলে চাষাবাদ এবং খাবার পানি সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে এই আবহাওয়াবিদ উল্লেখ করেন।
তার মতে, বনাঞ্চল ধ্বংস, পতিত জমির অপরিকল্পিত ব্যবস্থাপনা এবং অতিরিক্ত জনসংখ্যা জলবায়ুকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
এছাড়াও বিশ্বের উষ্ণতা বৃদ্ধি সারাবিশ্বের আবহাওয়ার জন্য একটা হুমকি এবং জলবায়ু পরিবর্তনের কারণে হারিকেন, উষ্ণপ্রবাহ, তুষারপাত, বন্যা এবং খরার মত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে।
আবহাওয়াবিদদের মতে, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি কয়েক প্রজাতির প্রানির বংশ নিধন করে ফেলতে পারে এবং সংক্রামক রোগ ছড়াতে পারে।
