বকেয়া পরিশোধে ব্যর্থ হলে এপ্রিল থেকে ডেসার বেতন ভাতা বন্ধ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) তার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে ব্যর্থ হলে এপ্রিল মাস থেকে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা বেতন ভাতা পাবেন না।
আজ শনিবার সাংবাদিকদের কাছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই তথ্য প্রকাশ করেন।
বর্তমানে সারচার্জসহ ডেসার কাছে পিডিবি‘র পাওনা প্রায় ৭,৫০০ কোটি টাকা। সারসার্জ বাদে এই বকেয়ার পরিমাণ ৩,০০০ কোটি টাকা।
ডেসার একজন কর্মকর্তা বলেন, একবারে ডেসার জন্যে এই অর্থ পরিশোধ অসম্ভব। তবে, তিনি বলেন, ডেসা বর্তমানে প্রতিমাসে পিডিবি‘র বিদ্যুতের দাম পরিশোধ করছে।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে ডেসা পিডিবি‘র কাছ থেকে মাসে ৮০ কোটি টাকার বিদ্যুৎ কিনছে। এর বিপরীতে গত মাসে ডেসার মাসিক রাজস্ব আদায়ের পরিমাণ ছির ১০৫ কোটি টাকা। আর ডেসার মাসিক বেতন-ভাতার পরিমাণ দুই কোটি টাকার মতো।
বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়া এপ্রিল থেকে বেতন বন্ধ বিষয়ক ঘোষণার ব্যাপারে ডেসার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এএএমএ রবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: মাননীয় মন্ত্রীর এই নির্দেশ আমরা আগেই পেয়েছি। আমরা আগে বিদ্যুৎ বিল পরিশোধ করে তারপরই বেতন ভাতা পরিশোধ করছি।
কিন্তু, তিনি বলেন, ডেসা তার বকেয়া না পেলে পিডিবিকে বকেয়া পরিশোধ করতে পারবেনা।
জানা যায় গ্রাহকদের কাছে ডেসার বর্তমান পাওনা প্রায় ১,৫০০ কোটি টাকা। সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কাছে পাওনার পরিমাণ ৫২৬ কোটি টাকা।
