দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে শিক্ষকদের প্রতীকী অনশন
দেশের নাজুক পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তিন ঘণ্টার প্রতীকী অনশন পালন করেছে।
শান্তিপূর্ণ ওই প্রতীকী অনশন ও প্রতিবাদ সভায় শিক্ষক প্রতিনিধিরা বোমা হামলায় শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিক হত্যা, মৌলবাদীদের উত্থান এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনিয়ম, রাজনীতিকীকরণ ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৫০ জনের মতো শিক্ষক অনশনে যোগ দেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনশনের প্রতি সংহতি প্রকাশ করেন।
অনশন শেষে এক সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে কোনও আইন নেই, সর্বত্র বিশৃঙ্খলা চলছে। তারা বিএনপি-জামায়াত জোট হঠিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিএফটিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী বলেন, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দুর্নীতি ও অবিচারের আখড়ায় পরিণত হয়েছে এবং মৌলবাদীরা এগুলোকে মাদ্রাসায় পরিণত করছে। তিনি আরও বলেন, কেবলমাত্র অবকাঠামো, উপাচার্য, শিক্ষক, গবেষণাকেন্দ্র ও চেয়ার-টেবিল নিয়ে বিশ্ববিদ্যালয় হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আখতারুজ্জামান এনজিও ও নারী সংগঠনের বিরুদ্ধে কথা বলা এবং ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকে হামলার জন্য মৌলবাদীদের গ্রেফতারের দাবি জানান।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিচারপতি কেএম সোবহান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোশিয়েশনের সুব্রত চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করেন।
অনশনে আরও অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদা বানু, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খালেকুজ্জামান, রাবি’র সাবেক উপ-উপাচার্য আবু ইউসুফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বশির আহমেদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী ফারুক।
বিএফটিএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী সালেহ উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
