১৭০ উপজেলায় ডিজিটাল এক্সচেঞ্জ বসানো হয়েছে
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মোঃ আমিনুল হক বলেছেন, ৬৪টি জেলা শহর ও ১৭০টি উপজেলায় ডিজিটাল এক্সচেঞ্জ বসানো হয়েছে। এর ফলে উপজেলা পর্যায়ে ছাত্রছাত্রীরা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সর্বত্র যোগাযোগ রক্ষা করতে পারছে।
মন্ত্রী আজ বৃহসপতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক¤িপউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-সিএসই বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আইটি ফেস্টিভাল - ২০০৫ এর সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর এ এফ এম ইউসুফ হায়দার, প্রফেসর এম লুৎফর রহমান এবং সিএসই বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ এম হাসান বাবু বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, দেশের আনাচে কানাচে তথ্য প্রযুক্তিকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সরকার আইসিটি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করেছে। আর এ খাতের উন্নয়নের জন্য দরকার একটি সুদৃঢ় টেলিযোগাযোগ ব্যবস্থা। তিনি বলেন, ডাটা ট্রান্সমিশন বৃদ্ধি ও দেশকে গ্লোবাল ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযুক্ত করার জন্য গৃহীত সাবমেরিন ক্যাবল প্রকল্পের কাজ এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। এতে ইন্টারন্যাশনাল সার্কিট বৃদ্ধি পাবে এবং ইন্টারনেট ও টেলিফোনে বহিঃবিশ্বের সাথে যোগাযোগ আরো সহজ হবে।
ফেস্টিভালে হার্ডওয়্যার ফেয়ার, আইটি কুইজ ও আইটি ডিবেট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম, প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েট প্রথম ও সফ্টওয়্যার প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ প্রথম স্থান অধিকার করে।
মন্ত্রী পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
