২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসমা কিবরিয়ার আহ্বানে নীল পোশাকে নিরব পদযাত্রা কর্মসূচি পালিত

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় আসমা কিবরিয়ার আহ্বানে হাজার হাজার মানুষ শান্তির প্রতীক নীল রংয়ের পোশাক পরে নিরব পদযাত্রা কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

পদযাত্রা শেষে ধানমন্ডি মাঠে আসমা কিবরিয়া, কবি শামসুর রাহমান ও ড. কামাল হোসেন শান্তির প্রতীক কবুতর ওড়ানোর মধ্য দিয়ে শুরু করেন ‘শান্তির সপক্ষে নীলিমা’ কর্মসূচি। 

বিকেলে কিবরিয়ার ধানমন্ডির ৩/১ সড়কের মোড় থেকে মৌন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় আসমা কিবরিয়া বলেন, আমি যা হারিয়েছি, তা কখনো ফিরে পাব না। কিন্তু আপনাদের যাতে আর কাউকে হারাতে না হয়, এ জন্যে আমার এই উদ্যোগ। আমরা সন্ত্রাস চাই না। শান্তি চাই, নিরাপত্তা চাই। সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা দেশকে সন্ত্রাসমুক্ত করতে পারব।

সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় নিরব মিছিল। এতে নীল রংয়ের পোশাক পরে বিভিন্ন ছাত্র, যুব, নারী, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ যোগ দেন। নীল রংয়ের শাড়ি পরে যোগ দেন উল্লেখযোগ্য সংখ্যক নারী। কেউ কেউ যোগ দেন নীল রংয়ের কুলাসহ। আবার কেউ কেউ মাথায় নীল রংয়ের টুপি পরে অংশ নেন মিছিলে।

কর্মসূচিতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, চট্টগ্রাম বিশ্বদ্যিালয়  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আনোয়ার, গণফোরামের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমদ মানিক, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও বাহাউদ্দিন নাসিম, ব্যারিস্টার আমির উল ইসলাম প্রমুখ।

মিছিলটি ধানমন্ডির আবাহনী মাঠে  গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য রাখেন কবি শামসুর রাহমান এবং আসমা কিবরিয়া।

ধানমন্ডি মাঠে কবি শামসুর রাহমান বলেন, আমাদের নাম হয়তো ইতিাহসে থাকবে না। কিন্তু কিবরিয়ার নাম এদেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। তিনি জাতির একজন অনন্য সন্তান। তিনি আরো বলেন, এ কর্মসূচিতে যোগ দিতে আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি। জাতির মহান সন্তান কিবরিয়ার প্রতি  শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি।

আসমা কিবরিয়া ‘শান্তির সপক্ষে নীলিমা’ কর্মসূচির অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার নীল রংয়ের পোশাক পরে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে দেশবাসির প্রতি আহ্বান জানান।