হীরা কি তার মূল্য হারাতে চলেছে
সবচেয়ে দামী প্রাকৃতিক রতœ হীরার দিন কি শেষ? গবেষণাগারে কৃত্রিম হীরা তৈরির প্রেক্ষাপটে এই প্রশ্নের উদয় হয়েছে। বহু ঝানু হীরক-বিশেষজ্ঞ গবেষণাগারে তৈরি কৃত্রিম হীরা এবং প্রাকৃতিক হীরার পার্থক্য ধরতে পারেননি।
পৃথিবীপৃষ্ঠের ১৫০ কিলোমিটার নীচে হীরা পাওয়া যায়। একটি হীরা তৈরি হতে কোটি কোটি বছরের আগ্নেয়গিরির সক্রিয়তার প্রয়োজন। জনমনে প্রচলিত ধারণার বিপরীতে হীরা কিন্তু আসলে বেশ সহজলভ্য। কার্যকর বিপণন এবং “হীরা চিরকালের জন্য”-এই বাঁধা বুলির সাহায্যে ‘ডি বিয়ার্স’-এর মত কোম্পানি হীরাকে দুর্লভ ও অমূল্য হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
হীরক শিল্পের পুরো কাঠামোই এই রতেœর চাহিদাকে সুনিয়ন্ত্রিত এবং মূল্যকে উচ্চ পর্যায়ে রেখেছে। অন্যদিকে হীরার চাহিদা বেড়েই চলেছে। হীরার চাহিদা প্রাচীন রোমান সভ্যতার মানুষ এবং ভারতের মোগল সম্রাটদের মাঝেও ছিল। হীরা ছিল গুণ আর সম্পদের প্রতীক।
এখন বিজ্ঞানের সহায়তায় এ্যাপোলো এবং জেমেসিসের মত কোম্পানি গবেষণাগারেই হীরা তৈরি করতে পারছে। এই হীরাগুলো তৈরি হয় ওয়াশিং মেশিন আকৃতির ‘ডায়মন্ড গ্রোথ চেম্বার’ নামক যন্ত্রে। কৃত্রিম হীরা তৈরির এই প্রক্রিয়ার নাম ‘কেমিকেল-ভেপার-ডেপজিশন’ (সিভিডি)।
এই প্রক্রিয়ায় সপ্তাহে ১০০ ক্যারেটের বেশি হীরা তৈরি করা যায়। এই হীরা প্রাকৃতিক হীরার তুলনায় ১০ থেকে ৩০ শতাংশ কম দামে বিকোয়। এক ক্যারেটের একটি হলুদ হীরা জেমেসিস বিক্রি করেছে ৪,৮০০ ডলারে। একই আকৃতির প্রাকৃতিক হীরার দাম হতো ১৮,০০০ ডলার। যদিও হীরা তৈরির যন্ত্রপাতি বেশ ব্যয়বহুল তারপরও বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত হীরক উত্তোলন পদ্ধতির তুলনায় এটি অনেক সুলভ।
৬০ বিলিয়ন ডলার দিয়ে তৈরি মায়ার বেলুন শীঘ্রই ফুটো হয়ে যাবে। হীরা সম্ভবত এর মূল্য ও তাৎপর্য হারাবে। হীরার বাজারের ৫৫.২% নিয়ন্ত্রণকারী ডি বিয়ার্স হীরক শিল্পের প্রধান কোম্পানি। তারা তাদের নিজস্ব ‘সিভিডি’ প্রক্রিয়া উদ্ভাবন করছে।
