সরকারের পতন ঘটাতে সারাদেশে সংগ্রাম পরিষদ গঠন করুন : মহাসমাবেশে শেখ হাসিনার ডাক
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জোট সরকারের পতন নিশ্চিত করতে সারাদেশে সংগ্রাম পরিষদ গঠনের জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
বুধবার পল্টন ময়দানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
শেখ হাসিনা বলেন, অত্যাচারী-ব্যর্থ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গঠন করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।
তিনি সরকার পতনের লক্ষ্যে আগামী ২৭ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালসহ মাসব্যাপী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এসএসসি পরীক্ষার পর আরও কঠোর কর্মসূচির মাধ্যমে বাংলার মানুষকে বিএনপি-জামাত জোটের দু:শাসন থেকে মুক্ত করবো ইনশাল্লাহ।
আওয়ামী লীগ প্রধান বলেন, ভোটের মালিক জনগণ। ভোটের এ অধিকার যেনো আর কেউ চুরি করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। ভোট কারচুপির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের উল্লেখ করে তার উদ্দেশে বলেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে কোন বিদেশি শক্তি মদদ দিচ্ছে, আপনাকে সে সব দেশের নাম বলতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, স্বাধীনতার পরাজিত মৌলবাদি শক্তিকে নিয়ে সরকার গঠন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছেন। স্বাধীনতার চেতনা ধংস করছেন।
তিনি বলেন, জোট সরকার দলীয়করণ করে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিএনপি-জামাত ভোট ডাকাতি করে অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতায় এসে সরকারি কর্মচারিদের অন্যায়ভাবে কাজ করাচ্ছে।
বিরোধী দলীয় নেতা সরকারি কর্মচারিদের উদ্দেশে বলেন, খালেদা জিয়া আপনাদের বেতন দেয় না। আপনারা চলেন দেশের মানুষের পয়সায়। তাই আপনারা জনগণের পক্ষে থাকবেন, সংবিধান মতো চলবেন। নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। দুর্নীতিবাজ সরকারকে রক্ষা করতে মানুষকে অত্যাচার করবেন না। এ সরকারের দিন আর বেশি নেই। অত্যাচারী সরকারের পক্ষ নিয়ে মানুষকে অত্যাচার করলে জনগণ সহ্য করবে না।
তিনি বলেন, রক্ত পিপাসু সরকারের অব্যাহত সন্ত্রাস, হত্যা, বিরোধী দলের ওপর অত্যাচার, নারী নির্যাতন, দুুর্নীতি, দ্রব্যমূল্যের চরম উর্ধগতির কারণে আজ দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। তারা সংসদকে অকার্যকর করেছে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ন ব্যর্থ হয়েছে। তারা শুধু মানুষ হত্যা ও শোষণ করছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। তাই দেশ পরিচালনায় ব্যর্থ এ সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে থাকতে পারেন না। তিনি তার উদ্দেশে বলেন, ক্যান্টনমেন্ট ছেড়ে বেরিয়ে আসুন। আর ভোট চুরি করবেন না। মানুষকে স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ দিন। বাংলার মানুষ দেখিয়ে দেবে আপনাকে নাকি আওয়ামী লীগকে ভোট দেয়।
মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ নাসিম, সাবের হোসেন চৌধুরী, সিলেটের মেয়র বদর উদ্দিন কামরান, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
