বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমরণ অনশনের দ্বিতীয় দিন পালিত
চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার তাদের আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিন পালন করেছে। মঙ্গলবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত কয়েকশ’ শিক্ষকের মধ্যে ২০ জন শিক্ষক কাফনের কাপড় পরে অনশনে অংশ নেন।
সমিতি দাবি আদায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করলেও পরে তা স্থগিত করা হয়। কি কারণে এই কর্মসূচি স্থগিত করা হলো এ প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আক্কাস আলী বলেন, সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের চাকরি জাতীয়করণের ইঙ্গিত দিয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাদেরকে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ও সাম্ভব্য বাজেট চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
মোহাম্মদ আক্কাস আলী বলেন, মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রস্তুত করার জন্যে আমরা বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করব। যদি এ সময়ের মধ্যে আমাদের দাবি না মানা হয় তবে আমরা অবস্থান ধর্মঘট পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করব।
গত কয়েক বছর ধরে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা চাকরি জাতীয়করণের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সমিতির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সোলায়মান বাবলু, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন খন্দকারসহ জেলা ও থানা কমিটির সভাপতিরা কর্মসূচিতে অংশ নেন।
