২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পছন্দের কনেকে না পেয়ে পীরগঞ্জে জাপা (এ) সাংসদের ভাতিজার হাতে গৃহবন্দি এক পরিবার

নিজের পছন্দের কনেকে বিয়ে করতে না পেরে জাতীয় পার্টির (এরশাদ) সাংসদ নূর মোহাম্মদ মন্ডলের ভাতিজা যাদু রংপুরের খালাসপীর এলাকায় ওই মেয়ের পরিবারকে গৃহবন্দী করে রেখেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে রোববার রাতে খালাসপীর এলাকার লোকজন বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পীরগঞ্জ উপজেলা এলাকা থেকে নির্বাচিত জাপা সাংসদ নূর মোহাম্মদ মন্ডলের ভাতিজা যাদু ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামের আহাদ আলীর মেয়ে মারজিয়া সুলতানাকে (১৯) বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মারজিয়ার পরিবার তা প্রত্যাখ্যান করে। পরে তারা মারজিয়াকে একই গ্রামের তফিলউদ্দিন মন্ডলের ছেলে জাহিদুল ইসলামের সাথে বিয়ে দেয়।

জানা যায়, বিয়ের পর থেকে যাদু ও তার লোকজন মারজিয়ার বাবা ও শ্বশুড় বাড়ির লোকজনকে অপহরণ, হত্যাসহ বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে। এ ব্যপারে মারজিয়ার বাবা সাংসদ নূর মোহাম্মদের কাছে বিচার দিয়েও কোন ফল পাননি বলে বিডিনিউজের কাছে অভিযোগ করেছেন।

এদিকে যাদু ও তার লোকজন ২৪ ডিসেম্বর রাতে বিয়ের ঘটক মোহাব্বত আলীর খালাসপীরের মুদি দোকানসহ বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।

এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে কয়েকশ’ এলাকাবাসী ও দোকানদার স্থানীয় খালাসপীর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ ব্যাপারে নূর মোহম্মদ মন্ডল সাংবাদিকদের জানান, যাদু কোনো মেয়েকে উত্যক্ত বা কোনো দোকানপাট ভাংচুর করেনি। ওই মেয়ের পরিবারই অন্যায়ভাবে তাকে মারপিট করেছে। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেইনি।

যাদুও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।