২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বাণিজ্য মেলায় বোমা বিষ্ফোরণের ঘটনায় জঙ্গিদের যোগসূত্র খুঁজছে পুলিশ

ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার গেটে রোববার রাতের বোমা বিষ্ফোরণে চার ব্যাক্তি আহত হওয়ার ঘটনার সাথে জঙ্গি যোগসূত্র রয়েছে কিনা তা অনুসন্ধান করছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বোমা বিস্ফোরণে আহত মাগুরা থেকে ঢাকায় বেড়াতে আসা সাবেক মাদ্রাসা ছাত্র গিয়াসউদ্দিন আহমেদ ইলিয়াছ পারভেজ ও চা বিক্রেতা আবু নাসেরকে সোমবার তেজগাঁও থানায় বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে জিঞ্জাসাবাদ করা হয়। পুলিশ পারভেজের পিতা গোলাম মাওলাকেও তার বাড়ি মাগুড়ার শিবরামপুর থেকে আটক করে জিঞ্জাসাবাদ করে। তবে গোলাম মাওলাকে পরে ছেড়ে দেওয়া হয়।

এদিকে পারভেজের নিজ এলাকার লোকজন জানায়, সে মাগুরার সিদ্দিকীয়া মাদ্রাসার অলীম বিভাগের সাবেক ছাত্র হলেও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তাকে বহিস্কার করা হয়। তারা আরো জানায় পারভেজ ইসলামী ছাত্র শিবিরের কর্মকান্ডে জড়িত ছিল।

পারভেজ এবং নাসেরকে বোমা বিস্ফোরণে আহত হওয়ার পর একসাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেলায় বেড়াতে আসা হাবিলদার আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী সালেহা বেগমকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই খান মোহাম্মদ ইরফান জানান তারা পারভেজ এবং নাসেরকে বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্তারিত জানার জন্য তেজগাঁও থানাতে এনেছেন।

তেজগাঁও থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পারভেজের পিতাকে মাগুরা পুলিশ আটক করে জিঞ্জাসাবাদ করে। পারভেজের সাথে জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বোমা বিস্ফোরণের সাথে কোনও জঙ্গি সংগঠনের জড়িত থাকার প্রমান পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ছিনতাইকালে এ ঘটনা ঘটে। কিন্তু তারপরেও আমরা পরবর্তী তথ্যের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, রোববারের বোমা বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংগঠনের জড়িত থাকার কোন যোগসূত্র পাওয়া যায়নি এবং এ ঘটনার সাথে চলমান ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার কোন সম্পর্ক নেই।

এ ঘটনার পর অনাকাংখিত যে কোন ঘটনা এড়াতে ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গন ও এর চারপাশে র‌্যাব, পুলিশসহ অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।