চট্টগ্রামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার মেক্রো হান্টে ৮০ লক্ষ টাকার ডাকাতি
চট্টগ্রামের ওয়াসার মোড়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার মেক্রো হান্টে শুক্রবার রাতে সশস্ত্র ডাকাতরা নগদ ৬৭ লক্ষ টাকাসহ ১৩ লক্ষ টাকার ব্যাংক চেক ও অন্যান্য মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে।
পুলিশ ও মেক্রো হান্ট সূত্র জানায়, এছাড়া ডাকাতরা ছয়তলা ভবনের চারতলায় অবস্থিত অফিসের ভোল্ট ভেঙে ১৩ লক্ষ টাকার ভাউচার এবং একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন নিয়ে যায়। রাত ২টায় এ ঘটনা ঘটে।
একই ভবনে জেনারেল ম্যানেজারসহ অন্যান্য কর্মচারিদের আবাসন এবং সশস্ত্র আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও এই ডাকাতির ঘটনা সংশ্লিষ্টদের কাছে রহস্যের জন্ম দিয়েছে।
পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই অফিসেই কর্মরত কারো যোগসাজশে এই ডাকাতির ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছে। হেলাল নামে এক কর্মরত আনসার রাত ১০টায় তার ডিউটি শেষ করে চলে গিয়ে ডাকাতির সময় আবার অফিসে আসার বিষয়টি রহস্যাবৃত বলে মনে করছে তারা।
খবর পেয়েই রাতে খুলশী থানা পুলিশ সে সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দু’জনসহ তিন আনসারকে গ্রেপ্তার করেছে। এরা হলো-- হেলাল, মোতালেব ও মিলন।
শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশ আটককৃত তিন আনসার সদস্যকে তাদের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
আটককৃত আনসার সদস্যরা পুলিশকে জানায়, রাতে দুই ব্যক্তি জেনারেল ম্যনেজারের সাথে দেখা করতে আসে। তাদের ভেতরে যাওয়ার জন্যে কলাপসিবল গেট খুলতেই ২০জনের মতো এক ডাকাত দল হঠাৎ করে ঢুকে মিলন ও মোতালেবকে বেঁধে ফেলে।
ঢুকেই ডাকাতরা সমস্ত টেলিফোন লাইন ও সিসিটিভি ক্যামেরা বিচ্ছিন্ন করে দেয়। এসময় তারা সমস্ত আলোও নিভিয়ে দেয়। সেই সাথে ভেতর থেকে কলাপসিবল গেট বন্ধ করে দেয়।
ওই প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তা গুলশান রাতে বাড়ি থেকে ফিরে অফিসে এলে এ ঘটনা প্রকাশ হয়। এসময় ডাকাতরা গুলশানের মাথায় আঘাত করে তাকে ও বেঁধে ফেলে রাখে। সে এই ভবনের পাঁচ তলায় থাকে বলে পুলিশকে জানায়।
ডাকাতরা চলে গেলে আনসার সদস্য হেলাল প্রথমে তার নিজের ও পরে গুলশানের বাঁধন খুলে দেয়। মুক্ত হয়েই গুলশান ওপরে গিয়ে জেনারেল ম্যানেজারকে বিষয়টি জানায়।
এ ঘটনায় জেনারেল ম্যানেজার বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেছে।
