২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদা দলের প্রার্থী ঠিক না হওয়ায় ঢাবি ডীন নির্বাচন হচ্ছে না

মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডীন নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না। এর মূল কারণ সরকারপন্থি সাদা দলের অভ্যন্তরীণ কোন্দল বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 05:31 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

উপাচার্য অধ্যাপক ড.এসএমএ ফায়েজ বিডিনিউজকে বলেন, বর্ধিত সময়ানুযায়ী ডিসেম্বরের ১১ তারিখ ডীনদের মেয়াদ শেষ হয়েছে। তবে শীতকালীন ছুটির জন্যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ডীন নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে। এসময় নির্বাচন দিলে ভর্তি পরীক্ষার অসুবিধা হতে পারে। কেননা নির্বাচন নিয়ে ডীনদের ব্যস্ত থাকতে হবে। তাই ফেব্র“য়ারির শেষ দিকে ডীন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তবে সূত্র জানায়, বাণিজ্য অনুষদে সাদা দলের দু’জন প্রার্থীর মধ্যে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত  নিতে দেরি হওয়ায় মূলত নির্বাচনের তারিখ দেওয়া হয়নি। বাণিজ্য অনুষদের বর্তমান ডীন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ -- এদের মধ্যে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে সাদা দলের নেতৃবৃন্দ একমত হতে পারছেন না।

ডীন নির্বাচনের তারিখ ঘোষণা না করার ফলে শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক বিডিনিউজকে বলেন, সঠিক সময়ে ডীন নির্বাচন না হওয়ায় শিক্ষকদের যথাযথ প্রতিনিধিত্ব হচ্ছে না। অবিলম্বে ডীন নির্বাচন করে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা প্রয়োজন।

জানা গেছে , প্রতিটি অনুষদে একজন ডীন দুই শিক্ষাবর্ষের জন্যে নির্বাচিত হন। বর্তমান ডীনগণ ২০০৩ সালের ডিসেম্বরে নির্বাচিত হন। ভর্তি প্রক্রিয়ার বিলম্বের কারণে তখনও নির্ধারিত সময়ের ছয় মাস পর ডীন নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শিক্ষাবর্ষ জুন মাসে শেষ হওয়ায় বর্তমান ডীনদের মেয়াদ শেষ হয় চলতি বছরের জুন মাসে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা বলে তাদের মেয়াদ দু’দফায় তিন মাস করে মোট ছয় মাস বাড়ানো হয়। বর্ধিত মেয়াদও শেয় হয়ে গেছে চলতি মাসের ১১ তারিখ।

একটি সূত্র জানায়, আগামী বছরের ফেব্র“য়ারি মাসে ডীন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতটি অনুষদের ডীনগণ শিক্ষকদের সরাসরি ভোটে নির্বাচিত হন।