সেন্টমার্টিনে আটকা পড়েছে ২ হাজার পর্যটক, সাগর উত্তাল
বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন গিয়ে কূলে নামতে না পেরে ফিরে এসেছে প্রায় দেড় হাজার পর্যটক। সেখানে আটকা পড়েছে আরো অন্তত দু’হাজারের বেশি।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি সাগরে ঝড়ো হাওয়া শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। ওই রাতে সেন্টমার্টিনে পর্যটকদের অবতরণের জন্যে নির্মিত জেটির একাংশ ভেঙে যায়। ভেসে যায় জেটির পল্টুন। বড় দিনের ছুটিকে সামনে রেখে কক্সবাজারের পাশাপাশি সেন্টমার্টিন দ্বীপেও পর্যটকদের ঢল নামে এবার।
কেয়ারী সিন্দবাদ নামে পর্যটক বহনকারী জাহাজ শুক্রবার সাড়ে তিনশ’ যাত্রী নিয়ে সেন্টমার্টিন পৌঁছেও জেটি ভেঙে যাওয়ার কারণে নিরাপদে যাত্রী নামাতে না পেরে আবার টেকনাফে ফিরে আসতে বাধ্য হয়েছে। একই দিন প্রায় ১৫টি ছোট বড় নৌযান নিয়ে সেন্টমার্টিন যাওয়া প্রায় দেড় হাজার পর্যটককে ফিরে আসতে হয়েছে।
এদিকে বৃহস্পতিবার এবং তারও আগে সেন্টমার্টিন যাওয়া প্রায় দু’হাজার পর্যটক দ্বীপেই আটকা পড়েছে। সাগরের উত্তাল ঢেউয়ের কারণে পর্যটকবহনকারী কোনও নৌযান সেন্টমার্টিন যেতে না পারায় এ সংকট সৃষ্টি হয়।
কেয়ারী সিন্দবাদের ম্যানেজার আবু নোমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সাগরের উত্তাল জোয়ারে তাদের নিজস্ব জেটির পন্টুনটি ভেসে গেছে। তবে তা দূরে কোথাও যায়নি, জেটির কাছাকাছিই ছিল। সাগরের উত্তাল ঢেউয়ের কারণে শনিবার পর্যন্ত এটি জেটির সাথে সংযুক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে কেয়ারী সিন্দবাদ শনিবার সকালে সেন্টমার্টিন গেছে। তাদের জাহাজে যতজন সম্ভব আটকে পড়া পর্যটককে টেকনাফ নিয়ে আসা হবে।
এদিকে বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে শনিবারও সাগর উত্তাল এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকে। টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী কোনও নৌযানই যাত্রী নিয়ে যাত্রা করেনি। মাছধরা নৌযানগুলো নিরাপদে কূলে ফিরে আসে।
