২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সিলিন্ডার গ্যাসের তীব্র কৃত্রিম সংকট

পর্যটন নগরী কক্সবাজারে সিলিন্ডার গ্যাসের (এলপি) তীব্র সংকট দেখা দিয়েছে। এলপি গ্যাসের স্থানীয় ডিলাররা কৃত্রিমভাবে এ সংকট সৃষ্টি করে ফায়দা লুটছে বলে অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 10:35 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

গত কয়েকদিন ধরে শহরবাসী প্রতি সিলিন্ডার গ্যাস ৮০০ থেকে ৮৫০ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। গ্যাস নিয়ে এরকম মারাত্মক সংকট ও সমস্যা সৃষ্টি হলেও প্রশাসন এ বিষয়ে অবগত নয় বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, কক্সবাজারে এলপি গ্যাস ছাড়াও টোটাল গ্যাস, বসুন্ধরা ও ক্লিনহিট গ্যাসের এজেন্ট রয়েছে।

কক্সবাজারে প্রতি মাসে এসব গ্যাসের চাহিদা প্রায় ১৫ থেকে ১৮ হাজার সিলিন্ডার। শহরে বর্তমানে ৩১ জন সিলিন্ডার গ্যাস বিক্রির বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ী রয়েছেন। 

শহরের বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক পরিবার রান্নার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বৈদ্যুতিক হিটার ব্যবহার করছে। 

গ্রাহকদের অভিযোগ, লাইনের গ্যাস না থাকায় সময়ে অসময়ে গ্যাসের ডিলাররা ইচ্ছে মতো সংকট সৃষ্টি করে গলাকাটা দাম আদায় করে নেয়। কক্সবাজার এলপি গ্যাস ডিলার ও দোকান মালিক সমিতির সভাপতি ফজল আহমদ কোম্পানী ও সাধারণ সম্পাদক সাহেদ চৌধুরী গ্যাসের কৃত্রিম সৃষ্টির অভিযোগ অস্বীকার করে বিডিনিউজকে জানান, দেশের চাহিদা মতো অপরিশোধিত তেল দেশে আসছে না। তাই ইস্টার্ণ রিফাইনারি ও এলপিজি দেশের চাহিদা মতো সিলিন্ডার তৈরি করতে পারছে না।

এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মুনিরুল ইসলাম বিডিনিউজকে জানান, উচ্চমূল্যে গ্যাস বিক্রির বিষয়টি তারা জানেন না । তবে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।