মুন্সীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ ব্যক্তি নিহত (আপডেট)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নোয়াদ্দা এলাকায় মঙ্গলবার সকালে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে।
এদিকে এদের দুই সঙ্গীকে পুলিশ নিশান জীপসহ ২২ কিলোমিটার দূরে হাসাড়ায় আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নোয়াদ্দা এলাকা দিয়ে ভোর ছয়টার দিকে চার ব্যক্তি নিশান জীপে করে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে।
এক পর্যায়ে আটককৃত চার ব্যক্তির মধ্যে দুইজন গাড়ী নিয়ে পালিয়ে যায়।
বাকি দুইজনকে জনতা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আটক রেখে পুলিশে খবর দেয়।
ইতোমধ্যে ওই বিদ্যালয়ে শত শত লোক জড়ো হয়ে যায়।
সকাল নয়টার দিকে পাঁচজনের একটি পুলিশ দল কক্ষের দরজা খুলে আটককৃতদের বের করার মুহুর্তে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি শুরু করে।
পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ চলে যায়।
পরে পুলিশের একটি বড় দল ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার ওসি জানান, সুবল হাজীর বাড়িতে তাদের ডাকাতির পরিকল্পনা ছিল।
নিহত ডাকাতদ্বয়ের নাম কালু মিয়া (৩৫) এবং সুমন (৩০)।
এদিকে জীপসহ পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে গাড়ীসহ ২২ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া থেকে পুলিশ আটক করে।
