একদিনের ব্যবধানে কক্সবাজার সমুদ্র উপকূলে ধরা পড়ল আরো একটি বিরল প্রজাতির প্রাণী
কক্সবাজার সমুদ্র উপকূলে মাত্র একদিনের ব্যবধানে ধরা পড়লো আরো একটি বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী। ৩০ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থের বিশাল আকৃতির এই সামুদ্রিক প্রাণীটিকে স্থানীয়ভাবে বলা হয় ‘বাঘা হাঙর’। এই বিশাল প্রাণীটির ওজন ৫০ মণ।
এক বছর আগে সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকায় এ রকম আরো একটি হাঙর মাছ শিকারীদের হাতে ধরা পড়েছিল। সোমবার বঙ্গোপসাগরে জেলেদের জালে হাঙরটি আটকা পড়ে। শনিবারও কক্সবাজার সৈকতে পাওয়া যায় একটি মৃত ডলফিন। এভাবে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী উপকূলে উঠে আসায় অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিরা বড় ধরনের কোনও সামুদ্রিক দুর্যোগের আশংকা করছেন।
কক্সবাজার শহরের মাঝির ঘাটের সিরাজুল ইসলাম বহদ্দারের মাছ ধরার জালে গতকাল ভোররাতে গভীর সমুদ্রে এই বাঘা হাঙরটি আটকা পড়ে আহত হয়। হাঙরটির ডানপাশে চোখের ওপর বড় ধরনের আঘাত রয়েছে।
ওই ট্রলারের জেলেরা এই হাঙর পাওয়ার পর আরও কোন মাছ শিকার না করেই সকালে কূলে ফিরে আসে। বিকেলে কক্সবাজার শহরতলীর মধ্যম নুনিয়াছড়ার ফিশারি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকের অভাবে হাঙরটি তখনো কূলে উঠাতে না পেরে বাঁকখালী নদীর পানিতে ফেলে রাখা হয়েছে। ট্রলারটির মাঝি সিরাজ হাঙ্গরটির মূল্য হেঁকেছেন ৫০ হাজার টাকা।
কক্সবাজারের বেশ কিছু প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি জানান, গভীর সমুদ্রে বিচরণকারী বিরল প্রজাতির প্রাণী উপকূলে চলে আসা ভাল লক্ষণ নয়। সামুদ্রিক প্রাণীর এধরনের আচরণকে তারা কোনও সামুদ্রিক দুর্যোগের আশংকা করছেন। কারণ যে কোনও দুর্যোগের সময় গভীর সমুদ্র থেকে সামুদ্রিক প্রাণীরা উপকূলে চলে আসে বলে তারা জানায়।
