আমরা এতোদিন ভুল পথে চলেছি: আত্মসমালোচনায় মুফতি হান্নান
‘সশস্ত্র জিহাদের নামে আমরা এতোদিন ভুল পথে চলেছি। জিহাদের নামে মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করে না।’
র্যাব হেফাজতে জেএমবি’র জঙ্গিদের আত্মসমালোচনা এবং ওরিয়েন্টশন বৈঠকে এ কথা বলেছে হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশ (হুজি-বি)--র নেতা মুফতি আবদুল হান্নান।
জঙ্গিদের স্বীকারোক্তি আদায়ের জন্যে জঙ্গিদেরই ব্যবহার করার কৌশল হিসেবে এ পথ বেছে নেয়ার পর মুফতি হান্নানকে দিয়ে দীর্ঘ তিন ঘন্টাব্যাপী ওরিন্টেশন বৈঠক চালানো হয় র্যাবের জিজ্ঞাসাবাদ সেলে।
বৈঠকে জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি এবং গ্রেপ্তারকৃত অন্য শীর্ষ নেতারাও অংশগ্রহণ করে।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রথম দিকে গ্রেপ্তারকৃত মাঠ পর্যায়ের জঙ্গিরা কোনও তথ্য দিতে চাইতো না। তাদের নেটওয়ার্ক সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে জঙ্গিরা শুধু ‘আল্লাহু আল্লাহু’ জিকির করতো। বোমাবাজির জন্যে তাদের কোনও অনুশোচনা ছিল না।
নাম প্রকাশ না করার শর্তে ওই গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজকে আরো বলেন, ফলে তাদের কাছ থেকে তথ্য বের করতেই এই কৌশল বেছে নেয়া হয়েছে। এখন তারা মুখ খুলতে শুরু করেছে। আর সাফল্য তো দেখতেই পাচ্ছেন। বিভিন্ন এলাকায় উদ্ধার হচ্ছে বিপুল বিস্ফোরক ও অস্ত্র এবং ধরা পড়ছে জেএমবি’র শীর্ষ নেতারা।
র্যাবের এক শীর্ষ কর্মকর্তা বলেন, নতুন কৌশল অবলম্বনের ফলে জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিও তাদের সংগঠনের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য দিচ্ছে।
তিনি বলেন, ঢাকার মান্ডা, ময়মনসিংহের আকুয়া মোড়লপাড়ায় উদ্ধারকৃত বিপুল বিস্ফোরক সানির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমেই উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃত জঙ্গিদের অনেকে কোরআন শরীফই পড়তে পারে না, ইসলাম সস্পর্কে তাদের পরিষ্কার জ্ঞান নেই। কিন্তু শায়খ রহমান এবং অপর শীর্ষ নেতারা তাদের মস্তিস্ক ধোলাই করার পর তারা বেছে নেয় এই সশস্ত্র পথ।
র্যাব সূত্র জানায়, প্রথম দিকে জেএমবি’র মাঠ পর্যায়ের কর্মীরা ধরা পড়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোনও তথ্য দিতে পারতো না। যারা কিছু কিছু তথ্য জানতো, তারাও মুখ খুলতো না।
সূত্র আরো জানায়, ওদের অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছে। দিচ্ছে নানান চমকপ্রদ তথ্য। আর এ কাজে কাউন্টার মস্তিস্ক ধোলাইয়ের কৌশল হিসেবে তাদেরই শীর্ষ নেতাদের দিয়ে তাদের ভুল সম্পর্কে বোঝানো হচ্ছে।
জেএমবি’র আট সদস্যবিশিষ্ট মজলিশ--এ--শুরার চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদের মধ্যে জেএমবি’র সামরিক বাহিনীর প্রধান এবং শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানিকে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)--এর তথ্য অনুযায়ী ১৪ ডিসেম্বর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশের দল। এর আগে পঞ্চগড় থেকে মজলিশ--এ--শুরার অপর প্রভাবশালী সদস্য এবং শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া র্যাব ১৪ ডিসেম্বর মজলিশ--এ--শুরার সদস্য এবং চট্টগ্রাম বিভাগের প্রধান মোহাম্মদ ওরফে জাভেদ ইকবাল ওরফে জাফরকে গ্রেপ্তার হয় এবং রাজশাহী বিভাগীয় প্রধান এবং মজলিশ--এ--শুরার অপর সদস্য শফিউল্লাহ ওরফে তারেক গ্রেপ্তার হয় ১৮ ডিসেম্বর।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৪ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী এবং ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেনেড, বোমা এবং কয়েক হাজার জেহাদী বই।
তবে র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত জঙ্গিরা তাদের কৃতকর্মের অনুশোচনা করলেও দেশব্যাপী বোমাবাজি এবং মানুষ হত্যার দায়ে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণ এবং এর পরবর্তী বোমা হামলায় এ পর্যন্ত ১৮২টি মামলা করা হয়েছে। এগুলোর মধ্যে ৭৫টি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে এবং ১৩টি মামলার চার্জ শুনানির পর্যায়ে রয়েছে। এসব হামলায় জড়িত থাকার অভিযোগে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়। চার্জশিট দাখিলকৃত ৭৫টি মামলায় এজাহারভুক্ত ৪৯ জন আসামির মধ্যে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৭টি মামলা তদন্তাধীন রয়েছে।
এছাড়া ২০০৫ সালের ৩ অক্টোবর চাঁদপুর, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত পাঁচটি মামলারই চার্জশিট দাখিল করা হয়েছে।
