খিলগাঁও থানার ওসির বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী তারিকুল ইসলাম ও দুই কনষ্টবলের বিরুদ্ধে সোমাবার সিএমএম আদালতে একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
ব্যাবসায়ী ও ৩৪ নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাসেম গাজী এ মামলাটি দায়ের করেন। বাদীর বক্তব্য নথিভুক্ত করার পর সিএমএম ম্যাজিষ্ট্রেট এ জে এম আব্দুল্লাহ হেল বাকী ডিবির ডেপুটি কমিশনারকে মামলাটি তদন্তের আদেশ দেন।
এ বছরের ২৪ নভেম্বর সকাল নয়টার দিকে কিছু যন্ত্রপাতি কেনার জন্য তালতলা যাওয়ার পথে কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করে নির্যাতন করেন বলে বাদী আদালতকে জানান। এ সময় ওসি তারিকুল ইসলাম তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও আঘাত করতে থাকে। তিনি বলেন, নিজেকে যুব লীগের নেতা হিসেবে পরিচয় দেওয়ার সাথে সাথেই ওসি তাকে পেটাতে শুরু করে। পরে পুলিশ সদস্যরা তার নিকট থেকে একটি নোকিয়া মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় বলেও বাদী কাসেম অভিযোগ করেন।
