দারিদ্র বিমোচনের ক্ষেত্রে নেতৃত্ব একটা বড় সমস্যা: ক্রিস্টিন ওয়ালিক
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ওয়ালিক বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর বড় সমস্যা দারিদ্র। আর দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বড় সমস্যা নেতৃত্ব। উন্নয়নশীল দেশগুলোতে নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে নীতিরও পরিবর্তন হয়।
সোমবার ঢাকার এলজিইডি মিলনায়তনে নগর দারিদ্র বিমোচনে সহায়তা দানকারি দাতা সংস্থার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি একথা বলেন।
কোয়ালিশন ফর আরবান পুওর (কাপ) ও বাংলাদেশ আরবান রাউন্ড টেবিল (বিইউআরটি) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। কাপের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন ও একইসাথে সংলাপ পরিচালনা করেন।
আলোচনায় অংশ নেন এডিবির আবাসিক প্রতিনিধি মিস হুয়া দু, ইউনিসেফের প্রতিনিধি লুইস জর্জেস আর্সেনল্ট, ইউএনডিপি’র দারিদ্র বিষয়ক উর্ধ্বতন উপদেষ্টা মিস কারেন ডান, কেয়ারের সহকারি আবাসিক প্রতিনিধি কেলি স্টিফেনসন, প্লান বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এডওয়ার্ড থমাস ইসপে, ওয়াটার এইডের আবাসিক প্রতিনিধি জাকির হোসেন, বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি আব্দুল মান্নান, ফাতিমা আখতার ও কমিউনিটি চাইল্ড’র খাদিজা আখতার শিউলি।
বিশ্বব্যাংকের ক্রিস্টিন ওয়ালিক বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক এখন নগর দারিদ্র বিমোচনে কাজ করছে। এর অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে পানি, পয়:নিস্কাশন ও ড্রেনেজ প্রকল্প এবং স্থানীয় সরকার সহায়তা প্রকল্পে কাজ করছে। একই সময়ে বিভিন্ন ছোট ছোট পৌর এলাকায় সুবিধা বৃদ্ধিতে কাজ করছে।
একটি জরিপের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২০ সালে ঢাকার জনসংখ্যা দাঁড়াবে ২২ মিলিয়ন। বর্তমানে নগরবাসীর সংখ্যা ২০ শতাংশ হলেও দু’দশক পরে এ সংখ্যা বেড়ে ৫০ শতাংশে দাঁড়াবে। এ অবস্থা থেকে উত্তরণে বিভিন্ন দাতা সংস্থার সাথে স্থানীয় সরকারসহ অন্য সংস্থাগুলোকে এক সাথে কাজ করতে হবে।
