জানুয়ারির শেষে সারা দেশে জাঁকিয়ে শীত পড়বে
জানুয়ারির শেষ নাগাদ সারা দেশে শীত জাঁকিয়ে পড়বে। আবহাওয়া অফিস জানায়, আজকালের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ও খুলনা বিভাগে তাপমাত্রা আরো কমবে।
আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা বিডিনিউজকে জানান, প্রতিবেশী দেশ ভারতে শৈত্য প্রবাহ শুরু হলেও খুব শিগগিরই বাংলাদেশ শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। তবে সাধারণভাবে এ মাসেই আরো শীত বাড়বে। মৃদু শৈত্য প্রবাহও হতে পারে।
তিনি জানান, পর পর কয়েকটি ঘূর্ণীঝড়ের উপস্থিতি ও মেঘের ঘনঘটার কারণে সুপ্ত তাপ বৃদ্ধি পাওয়ায় পৌষ মাসেও তেমন শীত পড়ছে না। এ সব কারণেই এ বছর শীত বিলম্বিত হচ্ছে।
তিনি আরো জানান, এবার ঘন কুয়াশা না থাকায় আমের মুকুলের কোনও ক্ষতি হবে না। তাই আমের ফলন ভাল হবে বলে এখনও আশা করা যায়। তবে সামান্য বৃষ্টিপাত হলে শীতকালীন ফসল ও সব্জি চাষ ভাল হতো।
