সীমান্তের কাস্টমস স্টেশনগুলো আধুনিকীকরণ ও আন্তঃসীমান্ত পরিবহন ব্যবস্থা জোরদার করতে ভারতীয় মন্ত্রীর আহবান
বাংলাদেশ ও ভারত সীমান্তের স্থল কাস্টমস স্টেশনগুলো আধুনিকীকরণ এবং আন্তঃ সীমান্ত পরিবহন ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পৃথক ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
এছাড়াও ২০০৬ সালে সাফটা ও বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে সার্ক ও বিমসটেক সদস্য রাষ্ট্রের মধ্যে পণ্য ও লোকজনের প্রবাহ বৃদ্ধির ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।
ই আহমেদ বলেন, পণ্য ও লোকজনের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও কৌশল গ্রহণের মাধ্যমে আমাদেরকে (বাংলাদেশ ও ভারত) প্রস্তুত থাকতে হবে।
ই আহমেদ এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী যৌথভাবে ভারতীয় ভিসা আবেদনের নতুন এ কেন্দ্র উদ্বোধন করেন। ঢাকাস্থ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সহযোগিতায় এ কেন্দ্রটি পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি চিফ এজে বসু বক্তব্য রাখেন।
