২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্তে বিডিআর--চোরাকারবারী সংঘর্ষে ২ ভারতীয় চোরাকারবারী নিহত

দিনাজপুরের হিলি সীমান্তের হাড়িপুকুর বাগমারা সাব পিলার এলাকায় রোববার ভোরে বিডিআর--চোরাকারবারী সংঘর্ষে দুই ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছে। এ ঘটনায় বিডিআরের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সূত্র জানায়, হাকিমপুর উপজেলার হাড়িপুকুর বাগমারা এলাকায় ভোর ৪টার দিকে ৭০/৮০ জনের একটি ভারতীয় চোরাকারবারী দল অবৈধভাবে বাংলাদেশ সীমানায় প্রবেশের চেষ্টাকালে বিডিআর সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় সশস্ত্র চোরাকারবারীদের সাথে বিডিআর সদস্যদের সংঘর্ষ শুরু হয়। এসময় চোরাকারবারীরা চাইনিজ কুড়াল, দা ও লাঠি সোটা নিয়ে বিডিআর সদস্যদের ওপর হামলা করে দু’টি রাইফেল ভেঙে ফেলে। একপর্যায়ে বিডিআরের গুলিবর্ষণে আতাউর রহমান (৩০) ও অপর এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়। চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার সময় আতাউর রহমান নামে একজনের লাশ ফেলে গেলেও অপর একজনের লাশ কাঁধে নিয়ে পালিয়ে যায়।

বিডিআর ঘটনাস্থল থেকে ৫৮০ বোতল ফেন্সিডিল, দা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনার পর উভয় সীমান্ত এলাকায় বিডিআর ও বিএসএফ ভারী অস্ত্র নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে।