২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সোমবার শুরু হচ্ছে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের ৮ম বৈঠক

ঢাকায় সোমবার বিমসটেক সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অষ্টম বৈঠক শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের উদ্বোধন করবেন।

এর আগে রোববার বিমসটেক সিনিয়র কর্মকর্তা পর্যায়ের দশম বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বিডিনিউজকে বলেন, বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে শনিবার তারা নিজেরা একটি অভ্যন্তরীণ বৈঠক করেছেন এবং তাতে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, বৈঠকের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র সচিবরা ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। তবে বিমসটেক সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা আসবেন রোববার।

২০০৫ সালের ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত সিনিয়র কর্মকর্তা পর্যায়ের নবম বৈঠকে বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হয়। আসন্ন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান আনুষ্ঠানিকভাবে বিমসটেক চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, কৃষি ও মৎস্যচাষ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার ব্যপারে কতটা অগ্রগতি হয়েছে তা পর্যালোচনা করা হবে।

এছাড়াও বৈঠকে বিমসটেক প্রথম শীর্ষ সম্মেলনে জনস্বাস্থ্য, জীব বৈচিত্র্য, গ্রামাঞ্চলের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, জীব-প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো নির্মাণসহ অন্যান্য বিষয়ে সহযোগিতার যে উদ্যোগ নেওয়া হয় তার ফলাফল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে বিমসটেকের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কিত নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেছিলেন, আসন্ন বৈঠকে প্রধানত বাণিজ্য, দারিদ্র্য নিরসন, সংযোগ স্থাপন, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা এবং সন্ত্রাসবাদ ও আন্তর্দেশীয় অপরাধ মোকাবেলার ব্যাপারে গুরুত্বারোপ করা হবে।

বৈঠকে যোগদানের জন্যে ভুটানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী লিওনপো ইশে জিম্বা, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ, মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রী ইউ নায়ান উইন, নেপালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রমেশ নাথ পাণ্ডে, শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী মঙ্গোলা সামারাভিরা ও থাই পররাষ্ট্র মন্ত্রী ড. কান্তাথি সুফামঙ্খোন ১৮ ডিসেম্বর রোববার ঢাকায় এসে পৌঁছবেন।

এছাড়াও ভুটানের পররাষ্ট্র সচিব নিতেন জাংমো, ভারতীয় পররাষ্ট্র সচিব (পূর্ব) রাজিব সিক্রি, মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ইউ উইন ম্রা, নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নবীন বাহাদুর শ্রেষ্ঠ, শ্রীলংকার পররাষ্ট্র সচিব করুণাতিলকে আমুনোগামা এবং থাইল্যান্ডের উপ স্থায়ী সচিব থাকুর ফনিট বৈঠকে অংশগ্রহণ করবেন।