ক্ষমতাসীন জোটে যোগ দিতে এরশাদকে চাপ, এরশাদের লক্ষ্য কালক্ষেপণ, আপডেট
ক্ষমতাসীন চারদলীয় জোটে যোগ দিতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ওপর সরকারি চাপ বাড়ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এরশাদ রোববার দলের সাংসদদের সভা আহ্বান করেছেন।
এদিকে ক্ষমতাসীন অথবা বিরোধী দলীয় জোটের সাথে যোগ দেওয়ার বিষয়ে ঘোষণা দিতে জাপা চেয়ারম্যান আগামী বছরের মার্চ মাসের মহাসমাবেশ পর্যন্ত সময় নিলেও ওই সময়ে কোনো ঘোষণা আসছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ওই মহাসমাবেশ থেকে এরশাদ আগামী নভেম্বর পর্যন্ত সময় নিতে পারেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার এবং রওশন এরশাদের নেতৃত্বে দলের সরকার ঘেঁষা একটি অংশ ২১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে এরশাদকে মঞ্চে তুলতে চায়। এ লক্ষ্যে রওশন এরশাদের মধ্যস্ততায় ১৩ ডিসেম্বর সংলাপ শেষে প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাপা প্রধান এরশাদের সাথে একান্তে প্রায় ১০ মিনিট আলোচনা করেন।
সূত্র জানায়, ওই আলোচনায় প্রধানমন্ত্রী এরশাদকে ২১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে গিয়ে চারদলীয় জোটে যোগ দেওয়ার অনুরোধ করেন। এরশাদ জোটে যোগ দেওয়ার ব্যাপারে মার্চ পর্যন্ত সময় নেন। এর আগেও জাপা প্রধান আগামী মার্চ মাসের সমাবেশে ঘোষণা দেবেন বলে দলের নেতাকর্মীদের জানিয়েছিলেন।
কিন্তু এরশাদের ছোট ভাই জিএম কাদের এ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ নিয়ে রওশন ও কাদেরের নেতৃত্বে দলের ভেতরে স্পষ্ট দু’টি ধারা সৃষ্টি হয়েছে।
জিএম কাদের বিভিন্ন সংবাদপত্রে বক্তব্য ও বিবৃতি দেওয়ায় তাকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে দল থেকে বহিষ্কারের প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানা গেছে।
জিএম কাদের অবশ্য এ সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে বিডিনিউজকে জানান, আমার বক্তব্যকে দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে উল্লেখ করে কারণ দর্শাতে বলা হয়েছে। ১৩ ডিসেম্বর নোটিশ পেয়ে আমি দলকে লিখিতভাবে জবাব দিয়েছি। এতে আমি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বক্তব্য দলীয় চেয়ারম্যানকে জানিয়েছি।
একাধিক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে জানান, বিরাজমান প্রেক্ষাপটে দেশের মানুষের সমর্থন বিরোধী দলের দিকে রয়েছে। একই সাথে জঙ্গি তৎপরতার কারণে সরকারের অবস্থা অত্যন্ত নাজুক। এ থেকে বেরিয়ে আসতে সরকার জামায়াতকে জোট থেকে বের না করে জাপাকে জোটে নিয়ে শক্তি বৃদ্ধির কৌশল নিয়েছে।
তারা বলেন, ক্ষমতাসীন জোটে যোগ দিলে সরকার লাভবান হলেও জাপার জন্যে তা হবে আত্মহত্যার সমান। ওই বিবেচনায় জাপার ক্ষমতাসীন জোটের পরিবর্তে বিরোধী জোটে যাওয়ার সম্ভাবনাই বেশি।
জিএম কাদের বলেন, জাপা কোন জোটে যাবে, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। দলের চেয়ারম্যান আগামী মার্চে এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। তার আগে দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
সংলাপে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাপা চেয়ারম্যানই প্রথম সংলাপের প্রস্তাব দিয়েছিলেন। তাই প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাব দিলে তিনি এতে যোগ দেন। তবে জাপা মনে করে, আওয়ামী লীগের যোগদান ছাড়া সংলাপ হবে অর্থহীন।
