২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাডিওয়াস সিষ্টেমে টিকেট বুকিংএ ট্র্যাভেল এজেন্টদের উপর বিমানের নিষেধাজ্ঞা

অ্যামাডিওয়াস সিষ্টেমে বিমানের টিকিট বুকিং দেওয়া যাবে না বলে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বাংলাদেশের সকল ট্রাভেল এজেন্টদের জানিয়ে দিয়েছে। হাইকোর্ট বাংলাদেশে আ্যামাডিওয়াসের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর বিমান কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অ্যামাডিওয়াস অনেক দিন যাবৎ বাংলাদেশের ট্রাভেল এজেন্টদের গ্লোবাল ডিষ্টিবিউশন সিষ্টেমের মাধ্যমে টিকিট রিজার্ভেশন সেবা প্রদান করে আসছে।

বিমানের সেলস প্রমোশন সেকশনের উপমহাব্যবস্থাপক এএম কামরুল হাসান খন্দকার ৮ ডিসেম্বর এক চিঠিতে সকল ট্রাভেল এজেন্টকে জানিয়েছেন যে আ্যামাডিওয়াসের মাধ্যমে বিমানের কোন টিকেট বুকিং বিমানের কাছে গ্রহনযোগ্য হবে না। এ নিষেধাজ্ঞা ফেব্র“য়ারী ১৮, ২০০৬ তারিখ পর্যন্ত বলবত থাকবে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন এবং বিচারপতি নির্মলেন্দু ধর এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত ২ অক্টোবর এক রায়ে গ্লোবাল ট্রাভেল ডিষ্ট্রিবিউশন (বাংলা) লিমিটেড এর বাংলাদেশ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। আ্যামাডিওয়াস ইন্ডিয়া প্রাঃ লিঃ এর মালিকানাধীন গ্লোবাল ট্রাভেল ডিষ্টিবিউশন (বাংলা) লিঃ বাংলাদেশে আ্যামাডিওয়াস ইন্টাঃ এর প্রতিনিধিত্ব করে।

বাংলাদেশ ইউথ ইকোনমিষ্ট ফোরাম কর্তৃক দায়েরকৃত এক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেয়। বাংলাদেশ বাংক এবং শিল্প মন্ত্রণালয়ও বাংলাদেশে আ্যামাডিওয়াসের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কোর্ট বাংলাদেশে গ্লোবাল ট্রাভেল ডিষ্ট্রিবিউশন (বাংলা) লিমিটেড এবং অ্যামাডিওয়াস ইন্ডিয়া প্রাঃ লিঃ এর কার্যক্রম বন্ধ করার জন্য শিল্প, টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিবগণ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান এবং বাংলদেশ ব্যাংকের গর্ভণরকে আদেশ দেন।

আদালত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান এবং র‌্যাঙ্ক আইটি, অপটিম্যাষ্ট কম্যুনিকেশন, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ ও ডমিনক্স সহ সকল ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অ্যামাডিওয়াসের ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দেয় যা দিয়ে কোম্পানিটি “অবৈধভাবে” ব্যাবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। 

কোর্ট বিবাদীপক্ষকে এই মর্মে রুলনিশি জারী করে কারণ দর্শাতে বলেন, তাদের কার্যক্রম বন্ধের জন্য শিল্প, টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিবগণ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান এবং বাংলদেশ ব্যাংকের গভর্ণরকে কেন আদেশ দেওয়া হবে না।