শম্ভুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নাটক
দেশের মিশ্রখাতের প্রথম শম্ভুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে নাটক জমে উঠেছে। এর এক দিকে রয়েছে ময়মনসিংহের এই বিদ্যুৎ কেন্দ্রটির চুক্তিবদ্ধ পরিচালনা ও সংরক্ষণ প্রতিষ্ঠান ল্যামেয়ার ইন্টারন্যাশনাল পল্লী পাওয়ার সার্ভিসেস লিমিটেড (লিপস)। অন্যদিকে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)।
লিপসের সঙ্গে চুক্তি বাতিল এবং সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আরবিট্রেশনের নোটিশ পেয়ে আরপিসিএল’র আইন উপদেষ্টা নিজেদের লিপসের শেয়ার হোল্ডার দাবি করেছেন। একই সঙ্গে অস্তিত্ব অস্বীকার করেছেন লিপসের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের।
চুক্তি বাতিলের কারণে লিপস আরপিসিএল--এর কাছে ১ কোটি ৬৪ লাখ ইউরো এবং ১১ কোটি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে।
বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উৎসাহ যোগাতে এডিবি’র আর্থিক সহায়তায় আরপিসিএল--এর মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়। শুরুতে এর উৎপাদন ক্ষমতা ছিল ৭০ মেগাওয়াট। ৯৯ সালে এটি উৎপাদনে আসার পর এডিবি’র বেসরকারি পরিচালনাকারী নিয়োগের শর্ত থেকে লিপসকে এর পরিচালনা ও সংরক্ষণ ঠিকাদার নিয়োগ করা হয়।
বর্তমানে এখানে দু’টি ইউনিট থেকে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। একটি চুক্তির আওতায় এটি পরিচালনা করতো লিপস। তৃতীয় একটি ইউনিট নির্মাণাধীন। এটি নিয়েও পরিচালনা চুক্তি ছিল লিপসের সাথে।
শুরুতে লিপসের ৬৫ শতাংশ মালিক ছিল জার্মান কোম্পানি। আর ৩৫ শতাংশের মালিক আরপিসিএল। পরে আরপিসিএল দু’দফায় লিপসের কাছে তার শেয়ার বিক্রি করে। সর্বশেষ লিপসের পুরো শেয়ার কিনে নেন বাংলাদেশী উদ্যোক্তারা।
আগস্ট মাসে আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের দায়িত্বে নেয়ার পর লিপসের পক্ষ থেকে তাদের ভাষায় জোর করে বের করে দেওয়ার জন্যে ১৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করা হয়। কিন্তু লিপস কর্মীরা পাঁচ দিন বিদ্যুৎ কেন্দ্রে ছিল না-- এমন বক্তব্য দিয়ে আরপিসিএল এক মাসের ব্যবধানে পরিচালনা বিষয়ক দু’টি চুক্তি বাতিল করে।
জানা গেছে, এরপর ৬০ দিন পর্যন্ত কোনো আপসে আসতে ব্যর্থ হওয়ার পর লিপনের পক্ষ থেকে ১০ অক্টোবর সিঙ্গাপুরের চার্লস পনসেট--এর কাছে আরবিট্রেশন মামলা দায়ের করা হয়। আরবিট্রেটর লিপস এবং আরপিসিএলকে মামলার ফিস জমা দিতে বলে। একই সাথে আরপিসিএলকে সাত দিনের মধ্যে জানাতে বলা হয়, লিপস--এর নিয়োগ করা আরবিট্রেটরকে তারা মেনে নিতে সম্মত কিনা?
জবাবে আরপিসিএল’র আইন উপদেষ্টা জানান, লিপসে তাদের শেয়ার আছে এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রেজা উল হক লিপসের কেউ নন। ফলে এই আরবিট্রেশনের কোনো ধরনের জবাব দেওয়ার প্রশ্ন আসে না।
বিষয়টি নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আরপিসিএল তাদের বলেছে, নিয়ম মেনেই চুক্তি বাতিল করা হয়েছে। আর এটি নিয়ে কোনো মামলা হলে তাতে তারা জিতবেন।
