ঝালকাঠিতে মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করলেন
ঝালকাঠির মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবসের অনুষ্ঠানসূচি বর্জন করেছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু আয়োজনের নানা অব্যবস্থাপনার কারণে মুক্তিযোদ্ধারা কুচকাওয়াজ ও সংর্বধনা অনুষ্ঠান বর্জন করেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধারা বিডিনিউজকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুষ্ঠান স্থান পরিবর্তন করাসহ নানা অদক্ষতার পরিচয় দিয়েছে। তাই তারা অনুষ্ঠান বর্জন করেছেন।
এদিকে ইউএনও’র পক্ষে অফিস সহকারি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে মাইকে দু:খ প্রকাশ করেন। তার অনুরোধে অল্প সংখ্যক মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে আবার যোগ দেন। কিন্তু আবারো অব্যবস্থাপনার কারণে শেষমেষ তারাও অনুষ্ঠান বর্জন করেন।
