সারা দেশে জঙ্গি সন্দেহে গ্রেফতার অব্যাহত, অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধার
জেএমজি নেতা আতাউর রহমান সানির স্বীকারোক্তিতে র্যাব পুরাতন ঢাকা এবং কেরাণীগঞ্জ থেকে বুধবার রাতে নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এর তিন জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে র্যাব ৩০ কেজি এ্যামোনিয়াম নাইট্রেট, বোমা তৈরির উপাদান এবং অনেকগুলো জেহাদী পুস্তক উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পুরান ঢাকার বংশাল এলাকার আব্দুল্লাা সরকার লেনের শামসুদ্দিন আহমেদ (৪০), কেরাণীগঞ্জের মনিরুল ইসলাম (২৭) এবং জামিল আহমেদ (৪০)। এছাড়াও নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, নওগাঁ, পঞ্চগড় রাজশাহী, চাপাইনবাবগঞ্জ থেকে জঙ্গি গ্রেফতার ও অস্ত্রসহ বিষ্ফোরক উদ্ধারের খবর পাওয়া গেছে।
র্যাব ও পুলিশ সদস্যরা বৃহস্পতিবার বন্দর নগরী নারায়ণগঞ্জ ও মৌলভীবাজার থেকে দু’টি বোমা-সদৃশ বস্তু উদ্ধার করে বলে র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়।
র্যাব, পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে নারায়ণগঞ্জ বন্দর থানার খানবাড়ি মোড়ের একটি মৎস্য খামারের পাশের পরিত্যক্ত বাড়ির টিনের কৌটাতে স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা-সদৃশ একটি জিনিস চোখে পড়ে।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল আদালত প্রাঙ্গন থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ জেএমবি’র সুইসাইড স্কোয়াড সদস্য ও বোমা মেকার মীর দীপনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আদালত চত্ত্বরে পুলিশ চেক পোস্টের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ বৃহস্পতিবার ভোররাতে পুলিশ জঙ্গি সন্দেহে তপন কুমার সাহা (৩৫) নামে এক যুবককে উপজেলার রাইগাঁ বাজারে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তপনের পিতার নাম গুপ্তকুমার সাহা।
পুলিশ জানায়, পঞ্চগড়ে গ্রেফতারকৃত এক জঙ্গির সাথে তপনের মোবাইল ফোনে যোগাযোগের সূত্র ধুরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ গ্রেফতারকৃত ব্যবসায়ী তপনকে বিকেলে জেল হাজতে পাঠায়।
সিলেট প্রতিনিধি জানান, সিলেটে বুধবার গভীর রাতে পুলিশ জেএমবি’র আত্মঘাতি দলের দুই সদস্য এবং তাদের এক সহযোগীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার নামাটিক গ্রামের আব্দুল লতিফের পুত্র মাসুদ ওরফে মামিদুল ওরফে ভুট্টু (২৪) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ছনকান্দা গ্রামের আব্দুল মজিদের পুত্র আব্দুল্লাহ ওরফে খায়রুল ইসলাম ওরফে সেলিম (২২)। তাদের স্থানীয় সহযোগী হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা থানার খতিরা গ্রামের আব্দুর রহমানের পুত্র নজরুল ইসলাম (২৭ি)।
এদিকে মৌলভীবাজারের বড়লেখা থেকে আর একজন জেএমবিকে গ্রেফতার করা হয়। তার বাড়ী রংপুরে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, পৌর এলাকার নতুনহাট থেকে পুলিশ বুধবার রাতে আব্দুস সামাদ (২৮) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে নতুনহাটের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সামাদ পৌর এলাকার নামোশংকরবাটি ধাপাপাড়া গ্রামের নুহু মোল্লার ছেলে। পুলিশ সূত্র জানিয়েছে, আব্দুস সামাদ জেএমবির একজন সক্রিয় সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডিনিউজ কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার শহর থেকে আরো এক জেএমবি ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল্লাহ মিলন নামের এই ক্যাডারকে বুধবার দিবাগত গভীর রাতে শহরের রুমালিয়ার ছড়া থেকে গ্রেপ্তার করে পুলিশের একটি যৌথ টিম। তাকে গ্রেপ্তারের পরপরই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, বৃহম্পতিবার সকালে লালমনিরহাট সদর থানা পুলিশ স্থানীয় সোহরাওয়ার্দ্দী মাঠ থেেক বোমা সদশ্য বস্তু উদ্ধার করেছে। পুলিশ বস্তুটি পরীক্ষা করে দেখতে পায় ভিতরে বালু, রেডিও’র আইসি, পুরনো ব্যাটরী এবং কিছু চিকন বৈদ্যুতিক তার রয়েছে। শহরে বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পরলে জনমনে আতংকের সৃষ্টি হয়।
শ্রীলংকা প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল থানা থেকে মাত্র একশ’ গজ দূরত্বে শ্রীমঙ্গলের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি আসল না নকল পুলিশ তা খতিয়ে দেখছে।
সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এসে শ্রেণীকক্ষের জানালার উপর রাখা বোমাটি দেখতে পান। মুহূতের মধ্যে ছাত্রছাত্রীরা বোমাতঙ্কে বিদ্যালয় ছেড়ে চলে যায়। উদ্ধারকৃত বোমাটি স্কচটেপ দিয়ে মোড়ানো, বৈদ্যুতিক তার পেঁচানো এবং সুইচ রয়েছে। পুলিশ বোমাটি নিস্ক্রিয় করতে বালতির মধ্যে পানিতে ডুবিয়ে রেখেছে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে জেএমবির সক্রিয় সদস্য হিসেবে জামায়াতে ইসলামির এক ওয়ার্ড কমিটির নেতা ও স্থানীয় একটি মসজিদের ইমামকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যের নাম মাওলানা নুরে আলম (৩০)। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের মুসলিম পাইকান খোচাবাড়ি গ্রামে।
সাভার প্রতিনিধি জানন, র্যাব-৪ এর একটি দল বুধবার মধ্যরাতে সভার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নয়াবাড়ী রেডিও কলোনীতে অভিযান চালিয়ে বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই উদ্ধার করেছে।
গেপ্তারকৃত জেএমবির সামরিক শাখার কমান্ডার সানির দেওয়া তথ্য অনুয়ায়ী রেডিও কলোনীর ১২/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে র্যাব এসব সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, দুই কেজি গান পাউডার, কচটেপ মোড়ানো চারটি ব্যাটারি, বিপুল পরিমাণ বোমা তৈরির সার্কিট বোর্ড, দুটি ইলেক্ট্রিক সুইচ, দু’টি গ্লাপ্স এবং জিহাদ সম্পর্কে লেখা সাতটি বই ইত্যাদি।
রাজশাহী প্রতিনিধি জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগসহ গোটা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো বোমা মেরে উড়িয়ে ক্যাম্পাস রক্তে রঞ্জিত করার হুমকি দিয়েছে জেএমবি।
বৃহস্পতিবার দুপুরে ক্লাশ করতে গিয়ে চারুকলার শিক্ষার্থীরা মেঝেতে একটি খোলা চিঠি পায়। সেখানে বিভাগীয় সভাপতি সিদ্ধার্থ শঙ্কর তালুকদারকে উদ্দেশ্য করে চিত্রকলা শেখানোর ‘অপরাধে’ এই হুমকি দেয়া হয়।
২৫ ডিসেম্বরের মধ্যে এই হামলা করা হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়। হুমকির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে আতংক। ওই শিক্ষক চিঠি পাওয়ার বিষয়টি বিকেলে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানিয়েছেন। প্রক্টর থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।
