২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি’র সাথে সর্ববৃহৎ চুক্তি স্বাক্ষরিত

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংস্থার সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষর করেছে অর্থ মন্ত্রণালয়ের সাথে। এ চুক্তিতে অন্তর্ভুক্ত প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ করা হয়েছে ৩০০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিভিন্ন দাতাগোষ্ঠীর সম্মিলিত অর্থায়নে বাংলাদেশ সরকার এবং ইউএনডিপি পরিচালিত এ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ২০০৯ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে এ অর্থ বিনিয়োগ করা হবে।

এ উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হলো, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আর্ন্তজাতিক দাতাগোষ্ঠীসহ সেখানকার স্থানীয় অধিবাসীদের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলের আস্থা ফিরিয়ে আনা। প্রাথমিকভাবে ইউএনডিপির মাধ্যমে এ প্রকল্পে অর্থ যুগিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে এবং ইউএসএইড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ইয়র্গান লিজনার বলেন, সরকার, এনজিও এবং দাতাদের সহায়তায় ইউএনডিপি পার্বত্য চট্রগ্রামের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে, যা সেখানকার অধিবাসীরাই তাদের উন্নয়নের জন্যে নির্ধারণ করেছে। এছাড়া পার্বত্য চট্রগ্রামের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সম্প্রসারিত প্রায় ২,৫০০ গ্রামে স্বাস্থসেবা এবং স্থানীয় অধিবাসীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যেও এ প্রকল্প কাজ করবে।

ইউএনডিপির এ প্রকল্পের পরিচালক মাইকেল হাইন বলেন, স্থানীয় অধিবাসীরাই তাদের নিজস্ব সমস্যা, চাহিদা এবং সমাধান সম্পর্কে সবচেয়ে ভাল জানেন। তাই তাদের সাংগঠনিক, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সাহায্য দিলে তারা নিজেরাই তাদের উন্নয়ন সবচেয়ে অর্থবহভাবে নিশ্চিত করতে পারবে।

ইউএনডিপির এ প্রকল্পের কার্যক্রম শুরু হওয়ার পর এর ভবিষৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রামের অবস্থা চিরকাল এমন থাকবে না এবং এই পরিবর্তন আনার ক্ষেত্রে ইউএনডিপি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হবে।

বৃহস্পতিবার স্বাক্ষরিত এ প্রকল্প ২০০৩ সাল থেকে সেখানে ইউএনডিপি পরিচালিত প্রস্তুতিমূলক প্রকল্পের ধারাবাহিকতা হিসেবে শুরু হয়েছে।