দলীয় লোকজনকে স্যাটেলাইট টিভির লাইসেন্স প্রদানে সরকারের সমালোচনা
নগরীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রকৃত উদ্যোক্তাদের বাদ দিয়ে দলীয় লোককে স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও চ্যানেলের লাইসেন্স প্রদান করায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বক্তারা।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের (বিইআই) আয়োজনে এর কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বেতার সম্প্রচার খাতে বিনিয়োগ উদারীকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বেতার ব্যবস্থার প্রতি সরকারের মনোভাবে ক্ষোভ প্রকাশ করে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি’র ব্যবস্থাপনা সম্পাদক এনায়েতুল্লাহ খান বলেন, ’আমরা দেখছি যে, প্রত্যেক সরকারই তাদের দলীয় লোকজনের স্বার্থ সংরক্ষণ করছে’।
তিনি বলেন, সমাজের গুনগত পরিবর্তনে কমিউনিটি রেডিও এবং সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভাটি পরিচালনা করেন বিইআই’র সভাপতি ফারুক সোবহান। তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য এবং পিআরএসপি বাস্তবায়নে বেতার ব্যবস্থা, বিশেষ করে কমিউনিটি রেডিওকে সরকারের কাজে লাগানো উচিত। কিন্তু এ ব্যাপারে সরকারের কোনও ধারণাই নেই।
ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু বলেন, অনেক আগে আমরা কমিউটিটি রেডিও চালুর অনুমোদন চেয়ে একটি আবেদন করেছিলাম। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনও বৈধ কারণ ছাড়াই এ ব্যাপারে টালবাহানা করছে।
সভায় অন্যান্যের মধ্যে বহুজাতিক সংস্থা ক্যাটালিস্টের মানস পাণ্ডে, ডেইটি স্টারের সাংবাদিক জাফর সোবহান প্রমুখ বক্তব্য রাখেন।
