২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্দ্বী শিশুদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করার আহবান

দেশের ১৬ লাখ প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ এবং তাদের শিক্ষাসহ সকল মৌলিক অধিকার আদায় করার দায়িত্ব সকল সচেতন নাগরিকের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিআইআইএস এর মিলনায়তনে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএবিলিটি (সিআইএসডি) বুধবার আয়োজিত ‘পথ ও কর্মজীবী প্রতিবন্ধী শিশুদের অধিকার:বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকরা এ কথা বলেছেন।

সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমাক এর সহযোগিতায় আয়োজিত গোলটেবিল বৈঠকের বক্তারা আরো বলেন, প্রতিবন্ধী শিশুদের শুধু অনুকম্পা নয় বরং যথাযথ সুযোগ দিয়ে সমাজে তাদের বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে। পরিবার এবং সমাজে এসব শিশুদের অনুপ্রেরণা দিয়ে তাদের এগিয়ে যাওয়ার পথকে সুগম করে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের ইনাম আহমেদ চৌধুরী। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জেরিনা রহমান। সভাপতিত্ব করেন সিআইএসডির সভাপতি মনসুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ, সেভ দ্যা চিলড্রেন সুইডেন-ডেনমার্কের প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিন জেথেন জেপসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আলতাফ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কুররাতুল আয়ার সাফদান, সিনহা গ্র“পের সভাপতি নাসিউর রহমান সিনহা প্রমুখ।

ক্রিস্টিন জেথেন জেপসেন বলেন, পথশিশু এবং প্রতিবন্ধী শিশুদের অধিকার সংরক্ষণ করতে হবে পরিবার থেকেই। পরিবারে সদস্যদের তাদের সম্বন্ধে ধারণা পরিবর্তন করতে হবে।      

আলোচকরা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য শুধুমাত্র আইন তৈরীই নয় বরং আইন মানার প্রবণতাও থাকতে হবে সবার মাঝে।