দেশে পর্যটন শিল্পের উন্নয়নে বেসরকারি খাতের প্রতি অর্থমন্ত্রীর আহবান
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার দেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি স্বীকার করেছেন, যথাযথ পরিকল্পনা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণেই বিপুল সম্ভাবনা থাকা সত্বেও শিল্পটির কোনও অগ্রগতি সাধিত হচ্ছে না।
“আমি পর্যটন বিভাগ ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি”, বলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চারদিন ব্যাপী পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. মাহফজুল হক।
মেলায় ৭০টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন বসানো হয়েছে। প্রবেশমূল্য ধার্য করা হয়েছে জনপ্রতি ২০ টাকা। তবে মেলায় আসা দর্শকদের এ ব্যাপারে আপত্তি রয়েছে। তারা বলেন প্রবেশমূল্য বেশি ধরা হয়েছে।
সাম্প্রতিক বোমা হামলার প্রসঙ্গ উল্লেখ করে সাইফুর রহমান বলেন, গোটা বিশ্ব জুড়ে সন্ত্রাস আজ একটি সাধারণ বিষয়। আমাদের দেশে এ সব বোমা হামলা একটি সাময়িক সমস্যা।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে বাংলাদেশ পর্যটন খাতে মোট ৩৯৬৭ দশমিক ৫৬ মিলিয়ন টাকা আয় করে। এবছর মোট ২ লাখ ৭১ হাজার পর্যটক বাংলাদেশে আসেন। এদের মধ্যে ৮০ হাজার ৪ শ’ ৬৯ জন ভারত থেকে আসেন।
