ঝালকাঠিতে ২ বিচারক হত্যা মামলায় সন্দেহভাজন ১০ জনকে অব্যাহতি
জেএমবি’র ১৪ নভেম্বরের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হওয়ার ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ১০ জনকে বৃহস্পতিবার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশের কাছ থেকে এদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া যাওয়ায় ঝালকাঠি জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন ১০ জনকে অব্যাহতির আদেশ দেন।
পুলিশ বোমা হামলার দিন রাতে এবং পরের দিন কৃষ্ণকাঠি এলাকা থেকে এদের আটক করেছিল।
জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য এবং হামলায় আহত মামুন ওই এলাকায় বাসা ভাড়া করে থাকতো। পুলিশ আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে তাদের তিন দফায় রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। গত সপ্তাহে তারা ‘প্রতি কর্মদিবসে আদালতে হাজির’ হওয়ার শর্তে জামিন লাভ করেছিল।
মামলা থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন--ঝালকাঠি সদর উপজেলা জমিয়াতুল মোদারসীন’এর সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও কুতুবনগর আযীযিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবদুল মান্নান, রিপন মল্লিক, কামাল হোসেন, হাফিজুল ইসলাম, আবুল কালাম, শহীদুল ইসলাম, মাজেদুল ইসলাম, শহীদ খান, সমীর এবং বাচ্চু।
