সংলাপ নয়, সরকার পতন ও জঙ্গি দমন সংগ্রাম জোরদার করার সিদ্ধান্তে অনড় আ.লীগ
সরকারের সঙ্গে কোনও ধরনের ‘অর্থহীন’ সংলাপ বা আলোচনায় না গিয়ে বিএনপি জামাত জোট সরকারের পতন ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করার সিদ্ধান্তে অটল রয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।
এ লক্ষ্যে রাজপথের আন্দোলন ছাড়াও আওয়ামী লীগসহ ১৪ দল পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী, এনজিওসমূহ, ক্রীড়া সংগঠক, শিক্ষক--বুদ্ধিজীবীসহ সকল শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করবে।
বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের দীর্ঘ সভায় সাংগঠনিক বিষয় ছাড়াও চলমান আন্দোলন বেগবান করে ‘জনগণের বিজয়’ অর্জনের লক্ষ্যে বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয়। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সুধাসদনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, জঙ্গিবাদের মূল মদদদাতা নিজামী--মুজাহিদ। সরকারের সকল ধরনের সহায়তা নিয়ে তারা দেশব্যাপী জঙ্গি হামলা চালিয়ে মানুষ হত্যা করে দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং দেশকে ধ্বংস করছে। শায়খ আব্দুর রহমান সরকারের হেফাজতেই আছে। তাই জঙ্গি নেতা আব্দুর রহমান ও ওই জামাত নেতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে এবং জামাতকে সরকার থেকে বহিষ্কার করতে হবে।
সভা সূত্র বিডিনিউজকে জানায়, প্রেসিডিয়াম সভায় সরকারের সঙ্গে কোনে ধরনের সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে সরকার পতন ও জঙ্গিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন এগিয়ে নিতে সবাই একমত পোষণ করেন। প্রধানমন্ত্রীর চিঠির উত্তর দেওয়ার বিষয় নিয়ে সভায় আলোচনা হলেও তা দেওয়া হবে কি না, এ ব্যাপারে চূড়ান্ত নেয়া হয়নি। তবে পরবর্তীতে ১৪ দলের বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানিয়েছেন।
সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর চিঠি গ্রহণ করিনি। আর এর জবাব দেওয়ার কোনও প্রয়োজনও নেই। এটি একটি ‘ডেড ইস্যু’।
সভায় ফোনে আড়িপাতা সম্পর্কিত সরকারের রাষ্ট্রপতির অধ্যাদেশে উদ্বেগ প্রকাশ করা হয়। এব্যাপারে আব্দুল জলিল বলেন, সংবিধান পরিপন্থী এ অধ্যাদেশ জারি করে ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
তিনি জানান, ২২ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। এছাড়া ২২ জানুয়ারি লংমার্চের পর সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও দিনাজপুরে (রংপুর অঞ্চল) ১৪ দলের পক্ষে বিভাগীয় মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। তবে সভায় তারিখ নির্ধারিত হয়নি।
