যথাযোগ্যে মর্যাদায় শুক্রবার উদযাপিত হবে মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস শুক্রবার। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, অব্যাহত বোমা ও আত্মঘাতী হামলা এবং হুমকির পটভূমিতে ভিন্নমাত্রা নিয়ে এবারের বিজয় দিবস পালিত হতে যাচ্ছে।
নয় মাস বাঙালির মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে। প্রতি বছর এই দিন দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালি সর্বোচ্চ শ্রদ্ধায় দিনটি উদযাপন করে।
নিরাপত্তাজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত অনুষ্ঠানমালা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। তারপরও ঢাকা ও ঢাকার বাইরে দিনটি উদযাপনে থাকছে বিভিন্ন কর্মসূচি। সরকার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে এ সকল কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-- অফিস--আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
বিজয় দিবস উপলক্ষে ক্ষমতাসীন বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে-- জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একাধিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ অন্যান্যবারের মত মাসব্যাপী নয়, নিরাপত্তার কারণে মাত্র দু’দিনের অনুষ্ঠানসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে, সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
এরপর বেলা আড়াইটায় পল্টন থেকে একটি বিজয় র্যালি বের করবে আওয়ামী লীগ। এছাড়াও সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন মাঠে তারা গণসঙ্গীতের আয়োজন করবে। ১৭ ডিসেম্বরও আওয়ামী লীগ বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
বিজয় দিবসের দিন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বুদ্ধিজীবীদের সাথে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ করবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করবে জাতীয় পার্টি।
বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
