কক্সবাজারের ছেলে জাবেদ যেভাবে জেএমবির কমান্ডার
কক্সবাজার শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে খুরুস্কুল ইউনিয়নের রাস্তার পাড়া। ওখানেই বেড়ে উঠেছে আজকের নিষিদ্ধঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ।
তার গ্রেপ্তারের খবরে গ্রামের বাড়ি কক্সবাজার শহরের অদূরে খুুরুস্কুলসহ কক্সবাজারবাসীর মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। খবর শুনেই উৎসুক জনতা তার গ্রামের বাড়িতে ভিড় জমায়। খুরুস্কুল ইউনিয়নের রাস্তার পাড়ার কিশোর ছেলেটিই যে আজকের জেএমবি কমান্ডার মোহাম্মদ তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।
তবে কিশোর যুবকসহ অনেকেই জানিয়েছেন, গ্রামের বাড়ির পাশে পাহাড়ের পাদদেশে অনেক যুবককে সে অস্ত্রের প্রশিক্ষণ দিয়েছে বছর দুই আগেও। অনেকের জিজ্ঞাসাবাদে সে তখন জানিয়েছিল, ওটা ছিল হরকাতুল জিহাদের ট্রেনিং।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল আউয়ালের বড় পুত্র জাবেদ ইকবাল তার বাবার প্রতিষ্টিত বাড়ির পাশের মুনিরিয়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ‘এ’ গ্রেড পেয়ে দাখিল পাস করে। ‘এ প্লাস’ পাওয়ার আশায় দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিলেও মানোন্নয়ন ঘটাতে পারেনি। এরপর সে ঢাকা আলীয়া মাদ্রাসায় ভর্তি হয়ে আলিম পাস করে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র হিসাবে নাম লিখিয়েছিল।
একাডেমিক শিক্ষায় মানোন্নয়ন না হলেও জেএমবির খাতায় নাম লিখিয়েই সে উঠে আসে উপরের কাতারে।
গত ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার পর চট্টগ্রাম থেকে আটক শাহাদাত ও লাল্টুর মাধ্যমে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন জানতে পারে মোহাম্মদের আসল পরিচয় এবং কিভাবে সে জড়িয়ে পড়ে এই আত্মঘাতি ও বেআইনী কর্মকান্ডে।
সে সাথে কক্সবাজারবাসীও জানতে পারে মোহাম্মদ নামে জাবেদ ইকবালের নানা কীর্তি। যদিও তার পিতা মাওলানা আউয়াল দম্ভ ভরে জেএমবি’র সাথে ছেলের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিলেন। আজ তিনিও নিশ্চিত হয়ে গেলেন। তার ঔরসজাত বড় সন্তানটি ইসলাম ধর্ম প্রতিষ্ঠার নামে মানুষ হত্যায় নেমেছে।
