জেএমবি সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি গ্রেপ্তার, ৮ম লিড
নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ--এর সামরিক শাখার কমান্ডার এবং জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামে র্যাব জেএমবি শীর্ষনেতা জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে।
এদিকে ঢাকায় বিকেলে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে আতাউর রহসান সানিকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন।
এর আগে সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক আবদুল আজিজ সরকার গ্রেপ্তারের খবর স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। তিনি বলেছিলেন, তারা একজনকে ধরেছেন।
র্যাব জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট--এর আবদুল লতিফ হলেযৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সানিকে। চার ঘন্টাব্যাপী অভিযানে প্রায় ১,০০০ সদস্য অংশগ্রহণ করে।
র্যাব সূত্র বলেছে, সানি তার এক সহযোগীর সাথে লতিফ হলে কিছুক্ষণের জন্যে দেখা করতে আসবে, এই খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
র্যাব আরও জানায়, প্রথমে সানি তার পরিচয় গোপন করার চেষ্টা করলেও তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে তার অতীতের শশ্র“মণ্ডিত ছবি দেখানোর পর সে নিজের পরিচয় প্রকাশ করে।
সানির কাছ থেকে ৪৪,৯৮২ টাকা, বিভিন্ন মোবাইল কোম্পানির আটটি সিম কার্ড এবং দামি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলার পর জঙ্গিবিরোধী অভিযানে এটিই র্যাব--এর সবচেয়ে সফল অভিযান।
সানির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাবের অপর একটি দল বুধবার গভীর রাতে সাভার রেডিও কলোনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বইপত্র উদ্ধার করে। এই কলোনীতে জেএমবি’র জঙ্গিরা গত মাস থেকে অবস্থান করছিল বলে র্যাব জানায়।
একই রাতে র্যাবের অপর একটি দল ধানমণ্ডি থানাধীন কলাবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে ফরিদুজ্জামান স্বপন নামে জেএমবি’র অপর এক সদস্যকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, স্বপন জেএমবিকে অর্থ সরবরাহ করতো।
সানির দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ মান্ডার জনৈক আবুল খায়েরের বাসায় অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা বিপুল সংখ্যক গ্রেনেড, দেশি পিস্তল ও বিস্ফোরকসহ সানির অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া প্রচুর পরিমাণ ইসলামী বইও সানির ভাড়া করা ওই বাসা থেকে উদ্ধার করা হয়। এ অভিযানে সানিও র্যাবের সাথে ছিল।
অভিযানকালে র্যাব সানির উত্তর মান্ডার আস্তানা থেকে ২৭টি গ্রেনেড, ২৪টি দেশি পিস্তল, ৩০ কেজি গান পাউডার, ২ কেজি এলুমিনিয়াম পাউডার, ৩৪ টা পাওয়ার জেল, ১৯ টা ওয়াটার জেল, ২০ কেজি এলুমিনিয়াম নাইট্রেট, ৫০ টা ইলেক্ট্রনিক ডেটোনেটর, ৩০ কেজি লিড এজাইট, ১০ কোটি লিড সিকোনেট, ২০ কোটি ট্রিকনেট, গুলি তৈরির ডাইস, শতাধিক গুলি, বোমা তৈরির ২০টি সার্কিট, ৫০ টি পেন্সিল ব্যাটারি এবং জেহাদী অনুপ্রেরণামূলক প্রচুর বই উদ্ধার করে র্যাব।
বাড়ির মালিক আবুল খায়েরের স্ত্রী সুরাইয়া সাংবাদিকদের জানান, দু’মাস আগে এক ব্যক্তি কনমেটিক্স ব্যবসায়ী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেয়।
বিকেলে সানিকে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এছাড়া চট্টগ্রামে অপর একটি শক্তিশালী অভিযান চালিয়ে র্যাব সদস্যরা জেএমবি’র চট্টগ্রাম জোনের কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদকে গ্রেপ্তার করেছে। তারা আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করেছে র্যাব।
র্যাব জানায়, ঢাকায় র্যাব--এর মজলিশ--ই--শূরার বৈঠকে শেষে চট্টগ্রামে নিজ ভাড়া বাসায় পৌঁছার পর তাকে গ্রেপ্তার করা হয়।
ইকবালের আস্তানা থেকে আট ক্যাটাগরির বিস্ফোরক উদ্ধার করা হয়।
এর আগে র্যাব সদস্যরা চট্টগ্রামের কর্নেলহাট এলাকা থেকে ইকবালের সহযোগী নাঈমুদ্দিনকে গ্রেপ্তার করে।
একটি সূত্র জানায়, উদ্ধার করা বিস্ফোরক দিয়ে রাষ্ট্রের বেশ ক’টি গুরুত্বপূর্ণ স্থাপনা একসাথে উড়িয়ে দেওয়া সম্ভব।
এর আগে সরকার জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান এবং অপর নিষিদ্ধ সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ--এর (জেএমজেবি) প্রধান বাংলা ভাইকে গ্রেপ্তার করার জন্যে ৫০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশ ও জাতির নিরাপত্তা বিঘœকারী সানিকে গ্রেপ্তারের পর জেএমবি’র সামরিক নেটওয়ার্ক মূলত ভেঙে গেছে। সানির গ্রেপ্তারের পর তাদের কোমর পুরোপুরি ভেঙে গেছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা।
একজন সামরিক বিশেষজ্ঞ বলেন, সানি যদি জেএমবি’র সামরিক শাখার প্রধান হয়ে থাকে, তাহলে তাকে গ্রেপ্তারের পর পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাদের অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ। ভেঙে যাবে আত্মঘাতী স্কোয়াডের সদস্যদের মনোবল।
অবশ্য সানির গ্রেপ্তারের পর দেশব্যাপী এর প্রতিশোধ হিসেবে বিচ্ছিন্ন হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ওই বিশেষজ্ঞ।
দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলা, ঝালকাঠী, গাজীপুর, চট্টগ্রাম এবং নেত্রকোণায় আত্মঘাতী হামলার পর সারা দেশের মানুষ আতঙ্কের মাঝে দিন যাপন করছিল। ওই হামলাগুলোয় নিহত হয় বিচারক, উকিল, পুলিশসহ নিরীহ মানুষজন।
সানির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দেশের মানুষের মাঝে স্বস্তি ছড়িয়ে পড়ে।
জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোট ভাই সানিকে কড়া পাহারায় র্যাব--এর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অন্যতম আসামি সানি। ধারণা করা হয়, সে দেশের বিভিন্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী।
এদিকে জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান গ্রেপ্তার হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এমন গুজব দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ‘জাতির জন্য সুসংবাদ রয়েছে’-- এমন উক্তি এবং তার পরপরই আইন--শৃংখলা রক্ষাকারীদের প্রতি গণমাধ্যমের কাছে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপের কারণে এ গুজব শক্তিশালী হয়।
যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকার শায়খ আবদুর রহমানকে গ্রেপ্তার করে তা গোপন করছে এবং বোমা হামলার সাথে বিরোধী দলকে জড়ানোর জন্যে তাকে (শায়খ রহমান) দিয়ে জবানবন্দি আদায়ের চেষ্টা করছে।
উল্লেখ্য, শায়খ রহমান মির্জা আজমের ভগ্নিপতি।
সংবাদ সম্মেলনে মির্জা আজম আরও জানান, ১৯৯৬ সাল থেকে তিনি (আজম) বা তার পরিবারের সঙ্গে শায়খ আবদুর রহমান এবং তার পরিবারের কোনও সম্পর্ক নেই।
তিনি (আজম) শায়খ আবদুর রহমানকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
