২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহান বিজয় দিবস শুক্রবার: যথাযোগ্যে মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি

মহান বিজয় দিবস শুক্রবার। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, অব্যাহত বোমা ও আত্মঘাতী হামলা এবং হুমকির পটভূমিতে ভিন্নমাত্রা নিয়ে এবারের বিজয় দিবস পালিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

নিরাপত্তাজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত অনুষ্ঠানমালার সংখ্যা কিছু ক্ষেত্রে কমিয়ে আনা হয়েছে। তারপরও রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন আয়োজনের খবর পাওয়া গেছে।

সরকার এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো এ সকল কর্মসূচি আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-- অফিস--আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে-- জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একাধিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ অন্যান্যবারের মত মাসব্যাপী নয়, মাত্র দু’দিনের অনুষ্ঠানসূচি ঘোষণা করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানিয়েছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

বিজয় দিবসের দিন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বুদ্ধিজীবীদের সাথে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ করবেন।

আওয়ামী লীগ বেলা আড়াইটায় বিজয় মিছিল বের করবে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বিজয় দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ঢাকার তেজগাঁর পুরনো বিমানবন্দরের রানওয়ের পূর্ব ও পশ্চিম পাশের খোলা জায়গায় সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার এ আয়োজন উদ্বোধন করবেন বলে আইএসপির’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমরাস্ত্র প্রদর্শনী ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট বিজয় দিবস উপলক্ষে বিজয় উৎসব আয়োজন করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ থেকে ১৬ এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে ১৫ ও ১৬ ডিসেম্বর গান, নাটক ও আবৃত্তি পরিবেশিত হবে।