বাধার মুখে গরুর হাটের শিডিউল কিনতে পারেননি ঠিকাদাররা
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ১৫টি কোরবানীর গরুর হাট ইজারার শিডিউল কিনতে পারেননি সাধারণ ঠিকাদাররা।
সংশ্লিষ্টদের অভিযোগ, শুধুমাত্র ওইসব প্রভাবশালী ব্যক্তির অনুগতদের কাছেই দরপত্র বিক্রি করা হয়।
তবে হাট ইজারার দায়িত্বপ্রাপ্ত ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আবু তালেব বিডিনিউজের কাছে ওই অভিযোগের কথা অস্বীকার করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের শেষ দিনে বুধবার নগর ভবনে সাধারণ ঠিকাদাররা হাট ইজারার শিডিউল কিনতে গেলে কমপক্ষে তিনজন ওয়ার্ড কমিশনার ও মেয়র সেলের একজন প্রভাবশালী কর্মকর্তার বাধার মুখে তারা শিডিউল কিনতে ব্যর্থ হন।
নগর ভবন ছাড়াও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে শিডিউল বিক্রির কথা থাকলেও কোথাও তা বিক্রি হয় নি।
সূত্র জানায়, মেয়র সাদেক হোসেন খোকা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সুযোগে তার ব্যক্তিগত এক কর্মকর্তা দরপত্রের শিডিউল দখলে নেতৃত্ব দেন।
প্রধান সম্পত্তি কর্মকর্তা আবু তালেব এরআগে কোনো শিডিউল বিক্রি না হওয়ার কথা স্বীকার করে বিডিনিউজকে জানান, ডিসিসি হাটের ইজারার জন্য বিভিন্ন কার্যালয়ে প্রতিটি ৫০০ টাকা মূল্যের ২৫৪ টি দরপত্র শিডিউল সরবরাহ করেছে। বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সম্পত্তি বিভাগ থেকে ৩৯ টি এবং হিসাব বিভাগ থেকে ১৪৪ টি শিডিউল বিক্রি হয়েছে।
তবে তিনি আঞ্চলিক কার্যালয়গুলো থেকে কোনো শিডিউল বিক্রির তথ্য দিতে পারেননি।
দরপত্রের শিডিউল বিক্রির ক্ষেত্রে ঠিকাদারকে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এমন কোনো তথ্য আমার জানা নেই। তবে আমার অফিসে কমিশনারসহ অনেকেই এসেছেন।
