বাংলাদেশে বোমাবাজির নিন্দায় ক্রাউলি
বাংলাদেশ বিষয়ক কংগ্রেশনাল ককাসের প্রতিষ্ঠাতা ও সভাপতি কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি বাংলাদেশে সাম্প্রতিক বোমা হামলার নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি বলে উল্লেখ করেন তিনি।
ওয়াশিংটন ডিসি থেকে মঙ্গলবার পাঠানো বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক আত্মঘাতী বোমা হামলায় ডানপন্থি উগ্রপন্থিরা শুধু নিরীহ মানুষকেই হত্যার লক্ষ্য স্থির করেনি, তারা বাংলাদেশের বেগবান গণতান্ত্রিক ধারাকে ধ্বংস করার ব্যাপারেও বদ্ধপরিকর।
তিনি ইসলামি জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকারের তৎপরতা আরও বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
ক্রাউলি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সংকটে আছে। গণতান্ত্রিক অঙ্গীকার ও প্রগতি অথবা মৃত্যু ও ধ্বংসÑ এ দুইয়ের মধ্যে একটি তাদের বেছে নিতে হবে।
তিনি একটি স্থিতিশীল সুশীল সমাজ গঠনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দান এবং উগ্রপন্থিদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান।
এ বছর আইনজীবী ও বিচারকসহ বোমা হামলায় মোট ৩০ জন নিহত হয়েছে।
সম্প্রতি ইমামরা বোমা হামলা ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে। এ ব্যাপারে ক্রাউলি বলেন, ইসলামের নামে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুসলমানদের কর্তব্য।
জোসেফ ক্রাউলি বলেন, একটি ক্ষুদ্র জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে বহু সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে নস্যাতের চেষ্টা করছে।
তিনি বলেন, কেবল গণতন্ত্রের মাধ্যমেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সফল হতে পারে।
