ইবি’ তে সাংস্কৃতিক মুক্তিজোটের বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’ নামের সংগঠনের মাধ্যমে ছাত্রীদের বিপথগামী করার প্রতিবাদ জানিয়ে এ সংগঠনের নেতা-কর্মীদের বহিষ্কারের দাবিতে ছাত্রীরা হলে হলে আন্দোলন শুরু করেছে।
এ দিকে এ বিষয়ে তদন্তের জন্য খালেদা জিয়া হল এবং বেগম ফজিলাতুন্নেছা হলে চার সদস্য বিশিষ্ট দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
বেগম ফজিলাতুন্নেছা হলে প্রাধ্যক্ষ অধ্যাপক আইনুল ইসলাম বলেন, দীর্ঘ পাঁচ বছর একটি সংগঠন ক্যাম্পাসে কাজ করার পরও প্রশাসনের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই। সত্যিই এটি বিস্ময়কর ব্যাপার। এ সংগঠনের তৎপরতার ব্যাপারে সম্পূর্ন অজ্ঞ ছিলেন বলে তিনি জানান।
উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনে অভিভাবক ডেকে এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
১১ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ইবিতে সাংস্কৃতিক কর্মকান্ডের নামে ছাত্রীদের বিপথগামী করার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর এ সংগঠনের অনৈতিক, আপত্তিজনক কার্যক্রমের তথ্য ফাঁস হয়ে পড়ে। এ সংগঠনের নেতা-কর্মীরা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করায় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার রাতে খালেদা জিয়া হলের ছাত্রীরা রাত আড়াইটা পর্যন্ত হলে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে তারা এ ধরণের অনৈতিক সংগঠন থেকে নেতা-কর্মীদের বের হয়ে আসার আহ্বান জানায়।
