জেএমবি মুন্সীগঞ্জ পিটিআই উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে
নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) মুন্সীগঞ্জ প্রাইমারী টিচার ট্রেনিং ইনিস্টটিউশনের ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ রুহুল আমিনকে এক চিঠির মাধ্যমে হুমকি প্রদান করেছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।
সদর থানা পুলিশ জানায়, মুন্সীগঞ্জ প্রধান ডাকঘর থেকে রোববার ওই চিঠি প্রেরণ করা হয়েছে।
এ চিঠিতে উল্লেখ করা হয় যে, পিটিআই হোস্টেলে দুইজন মহিলাসহ ছয়জন আত্মঘাতি বোমাবহনকারী অবস্থান করছে।
এ প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে আনন্দ-ফূর্তি করে। মহিলাদের চাকুরি করা ঠিক নয়। এ প্রতিষ্ঠানে আল্লাহর আইন চালু করতে হবে। এক মাসের মধ্যে শক্তিশালী আত্মঘাতি বোমার মাধ্যমে পিটিআই উড়িয়ে দেয়া হবে।
ইতোমধ্যে এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে তৎপর হয়ে উঠেছে।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা আব্দুল সালাম বিডিনিউজকে জানান, এ চিঠির মাধ্যমে বোঝা যায়-আত্মঘাতি বোমাবহনকারীরা এ প্রতিষ্ঠানেরই প্রশিক্ষর্ণাথী।
মুন্সীগঞ্জে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।
