জিয়ায় হজ্বযাত্রীর মৃত্যু, ১ম লিড
রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোরে এক হজ্বযাত্রীর মৃত্যু হয়েছে। বিমানবন্দর সূত্রে এ কথা জানা যায়।
মৃত হজ্বযাত্রী সুজাত আলী (আনুমানিক ৭২ থেকে ৭৫) পাবনার ত্রিপুরের গোয়ালিয়া গ্রামের জান বখশের পুত্র।
বিমানবন্দর সূত্র জানায়, রাত পৌনে ২টার দিকে ওই হজ্বযাত্রীর মৃত্যু ঘটে। ইমিগ্রেশন ট্রানজিট পেরিয়ে বিমানে ওঠার আগে তার মৃত্যু হয়।
সূত্র জানায়, নন--ব্যালটি হজ্বযাত্রী সুজাত আলীর ক্রমিক নম্বর ছিল-- ৩০১১৬৪।
তিনি বিজি ০৮০১ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, সুজাত আলী না খেয়ে মারা গেছেন।
তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কোনও ময়নাতদন্ত না করে সুজাত আলীর মৃতদেহ দেশের বাড়িতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে উপ--সচিব আব্দুল করিম ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ বাড়িতে পাঠানোর বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
আত্তাইয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনি হজ্ব পালন করতে যাচ্ছিলেন।
হজ্বযাত্রীর মৃত্যুর প্রতিবাদে সোমবার সকালে বিমানবন্দরে অপেক্ষমান হজ্বযাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার সকালে একটি ডিসি--১০ উড়োজাহাজ দিয়ে বিমানের এ বছরের প্রথম হজ্ব ফ্লাইট উদ্বোধন করেন।
