চট্টগ্রামে দৈনিক আজাদী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা হাইকোর্টে খারিজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এমএ মালেক, সাবেক সম্পাদক মরহুম মোহাম্মদ খালেদ, বার্তা সম্পাদক সাধন কুমার ধর ও সিনিয়র স্টাফ রিপোর্টার হেলালউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়ের করা মানহানি মামলা রোববার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মীর হাশমত আলী ও বিচারপতি এবিএম হাতেম আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মানহানির এ মামলাটি খারিজের আবেদনের ওপর উভয়পক্ষের পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
মামলা খারিজের আবেদনে বলা হয়, ২০০১ সালের ১০ মে দৈনিক আজাদী পত্রিকায় ‘চাক্তাই খাল খননের নামে জনগণের ট্যাক্সের টাকার শ্রাদ্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই প্রতিবেদনটি মিথ্যা ও মানহানিকর বলে অভিযোগ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহাব ২০০১ সালের ১৫ মে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে দৈনিক আজাদীর সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়।
আবেদনকারীর পক্ষে শুনানিতে আইনজীবী ব্যারিস্টার শেখ হাসান আরিফ বলেন, কর্পোরেশনের মেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তার মানহানি করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশিত করা হয়নি। চাক্তাই খাল খননের কাজটি ঠিকমত হয়নি বলে জনস্বার্থে সংবাদটি প্রকাশিত হয়েছে। তাই মানহানির অভিযোগে দায়েরকৃত এ মামলাটি খারিজযোগ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মকবুল আহমেদ।
