২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান দলগুলোর আগাম নির্বাচনী প্রস্তুতি

দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করেছে। দলগুলো ইতোমধ্যে এ ব্যাপারে ঘোষণা দিয়ে মাঠে নেমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ক্ষমতাসীন চার দলীয় জোটের প্রধান শরিক বিএনপি ২১ ডিসেম্বর পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার ঘোষণা দেবে। রোববার জাতীয় নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্তই নিয়েছে বিএনপি।

এর আগে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল ২২ নভেম্বরের মহাসমাবেশ থেকে ঐক্যবদ্ধ আন্দোলন, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকার গঠনে ২৩ দফা ঘোষণা দেয়।

এদিকে রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদও আগামী মার্চ মাসের মধ্যে দলকে নির্বাচনের প্রস্তুত করতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

রোববার বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বেইলি রোডের বাসায় ঢাকায় অবস্থানরত সহ--সভাপতি, যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলি ও নির্বাহী কমিটির সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়।

মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সহ--সভাপতি এবং বন মন্ত্রী তরিকুল ইসলাম, তথ্য মন্ত্রী শামসুল ইসলাম ও পাট মন্ত্রী শাজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান, খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রস্তুতি নিতে শুরু করেছে। ২১ ডিসেম্বর পল্টনের মহাসমাবেশ থেকে নির্বাচনী প্রস্তুতি শুরু হবে। মহাসমাবেশ সফল করতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি বলেন, বিরোধী দল আওয়ামী লীগ জানে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে সংস্কারের নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ কারণে তারা সকলকে নিয়েই সন্দেহ প্রকাশ করে। আওয়ামী লীগ নেতা রাজ্জাক আর তোফায়েলকে নির্বাচন কমিশনার করা হলেও তারা সন্দেত করবে।

একই দিন ঢাকার একটি হোটেলে বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আগামী মার্চের মধ্যে দলকে নির্বাচনের জন্যে প্রস্তুত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জোটভুক্ত বা একক নির্বাচন যাই হোক, দলকে প্রস্তুত থাকতে হবে। দুই দলের প্রতি মানুষের অনাস্থার কারণে মানুষ জাপাকে চায়। কিন্তু নির্বাচনে জিততে হলে দলকে সংগঠিত করতে হবে।