২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়ে জেএমবির চিঠি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) রোববার দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেএমবির আত্মঘাতী হামলার আশংকায় গোয়েন্দারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নজর রাখছে। বিডিনিউজ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জেএমবি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীকে রোববার চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধ না রাখলে বিভাগের সকলকে তাদের পরিবারসহ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়। এর আগে তিনটি বিভাগের চেয়ারম্যানের কাছে একই ধরনের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। হুমকির ফলে সকল টিউটোরিয়াল ও কোর্স পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য বিভাগের পরীক্ষা যথারীতি চলছে। একের পর এক হুমকিতে ই বি’এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীদের মাঝে বোমাতংক বিরাজ করছে।

বিডিনিউজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্যরা আত্মঘাতী বোমা হামলা করতে পারে বলে গোয়েন্দারা আশংকা করছেন।

শনিবার রাতে র‌্যাব ৭- এর সদস্যরা ঢাকার ডেমরা থেকে জেএমবি সদস্য জাবি’র অর্থনীতি বিভাগের ছাত্র কেএম ওয়াহিদুল ইসলাম ওরফে ওয়াসিমকে গ্রেপ্তার করে। আটক জেএমবি সদস্য ওয়াসিম ছাড়াও ক্যাম্পাসে প্রায় সাত/আট জন জেএমবি’র সক্রিয় সুইসাইড স্কোয়াডের সদস্য রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আশংকা করছেন যে কোন মুহূর্তে ক্যাম্পাসে তারা আত্মঘাতী হামলা চালাতে পারে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ কামরুল আহসান বিডিনিউজকে জানান, সুইসাইড স্কোয়াডের ব্যাপারে কিছুই করার নেই তবে নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, জেএমবি সদস্য সন্দেহে আটক দিনাজপুর সরকারি কলেজের ছাত্র তারিক আহম্মেদকে তিন দিনের মধ্যে মুক্তি না দিলে বোমা মেরে কলেজ উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে জেএমবি। শনিবার সকালে অধ্যক্ষের কক্ষে পাওয়া এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে।